Hidden Stories (বাংলা)

West Bengal Weather Update: উমার বিদায়েই ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! ফের বৃষ্টির আশঙ্কা বাংলায়?

কলকাতা: আজ বিজয়া দশমী। মা দুর্গার কৈলাসে ফেরার পালা। উমার ফিরে যাওয়ার দিনই আবহাওয়ার বড়সড় পরিবর্তন। পুজোর দিনগুলিতে ঝড়-বৃষ্টির দুর্ভোগ সেভাবে পোহাতে হয়নি বঙ্গবাসীকে। চতুর্থী এবং পঞ্চমী বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও দ্বিতীয় সপ্তমী থেকে আবহাওয়া ছিল মূলত শুষ্ক। রোদ ঝলমলে মনোরম পরিবেশেই কেটেছে নবমীও। তবে উৎসবের আমেজ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা ঘিরে শুরু হয়েছে জল্পনা। তবে কি ফের ভাসবে বাংলা? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে রবিবার থেকে সোমবারের মধ্যে নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি না, কিংবা তার সম্ভাব্য গতিপথ কী হতে পারে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। আপাতত দক্ষিণ আন্দামান সাগরের পরিস্থিতির দিকে নজর রয়েছে। পাশাপাশি, সম্ভাব্য এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাবে বাংলার আবহাওয়ায় কতটা পরিবর্তন আসতে পারে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে বিজয়া দশমীর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই পরিষ্কার। রোদ ঝলমলে পরিবেশ রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে, দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের একাধিক রাজ্যে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, কেরল, মাহে এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটকের বিভিন্ন অংশেও ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও তেলঙ্গানা, মধ্যপ্রদেশ, কঙ্কন, গোয়া ও মহারাষ্ট্রের কয়েকটি এলাকায় বৃষ্টির দাপট বাড়তে পারে।

 West Bengal Weather Update: উমার বিদায়েই ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! ফের বৃষ্টির আশঙ্কা বাংলায়?