আসানসোলঃ মহিলাদের নিরাপত্তায় এবার আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। কলকাতার পর এবার আসানসোল-দুর্গাপুরেও পথে নামল মহিলা পুলিশের বিশেষ ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। বাইক ও স্কুটিতে চেপে শহরের অলিগলি থেকে ব্যস্ত রাস্তা সব জায়গাতেই নজর রাখবেন মহিলা পুলিশকর্মীরা। এই বাহিনীর মূল লক্ষ্য হল কোনও মহিলা হেনস্তা বা উত্যক্তের শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া।[TECHTARANGA-POST:11924]সোমবার আসানসোল পুলিশ লাইনের শরৎ মঞ্চে অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ বাহিনীর আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। তবে, প্রাথমিকভাবে এই অভিযান শুরু হয়েছে ১০টি বাইক ও স্কুটি নিয়ে। মহিলা পুলিশকর্মীরা বিভিন্ন এলাকায় নিয়মিত টহল দেবেন। পুলিশের এই উদ্যোগের লক্ষ্য শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়া নয়, ঘটনার আগেই নজরদারির মাধ্যমে তা রুখে দেওয়া। রাস্তায় মহিলাদের উত্যক্ত করা, শ্লীলতাহানি কিংবা অন্য কোনও ধরনের হেনস্তার অভিযোগ পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে এই স্কোয়াড। যে কোনও সমস্যায় পড়লে সাধারণ মানুষ ১০০ অথবা ১১২ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চাইতে পারবেন। পাশাপাশি প্রতিটি থানায় মহিলা নিরাপত্তা সংক্রান্ত হেল্পডেস্ক এবং সাইবার হেল্পডেস্ক চালু করা হবে বলেও জানানো হয়েছে।[TECHTARANGA-POST:11923]অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল বলেন, “মা দুর্গা আসার আগেই দুর্গারা রাস্তায় নেমে পড়েছেন।” নারী নিরাপত্তার ক্ষেত্রে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন তিনি। এর আগে কলকাতায় চালু হয়েছিল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। এবার সেই উদ্যোগ ছড়িয়ে পড়ল আসানসোলেও।