নয়ডায় বিক্ষোভের জের: ২৪ ঘণ্টার মধ্যেই শ্রমিকদের নতিস্বীকার যোগী সরকারের, বাড়ল ন্যূনতম মজুরি!
নিজস্ব প্রতিনিধি: নয়ডায় শ্রমিক বিক্ষোভের দাবানল ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বড়সড় সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। উত্তাল পরিস্থিতির গুরুত্ব বুঝে এবং শ্রমিকদের দাবিকে মান্যতা দিয়ে একধাক্কায় সব স্তরের কর্মীদের ন্যূনতম মজুরি ৩,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে নয়ডা অথরিটি অফিসে মালিক পক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়। গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক মেধা রূপম জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর রাতেই এই নয়া বেতন কাঠামোতে অনুমোদন দিয়েছেন, যা গত ১ এপ্রিল থেকে কার্যকর বলে গণ্য করা হবে।[TECHTARANGA-POST:7979]সরকারি বিবৃতি অনুযায়ী, গৌতম বুদ্ধ নগর ও গাজিয়াবাদের সংশোধিত কাঠামোয় অদক্ষ শ্রমিকদের মাসিক বেতন ১১,৩১৩ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৩,৬৯০ টাকা। একইভাবে আধা-দক্ষ শ্রমিকরা ১৫,০৫৯ টাকা এবং দক্ষ শ্রমিকরা এখন থেকে মাসে ১৬,৮৬৮ টাকা করে পাবেন। রাজ্যের অন্যান্য পুরসভা ও জেলাগুলোর ক্ষেত্রেও অদক্ষ থেকে দক্ষ— সব শ্রেণির শ্রমিকের মজুরিতে সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি ঘটানো হয়েছে। জেলাশাসক আরও স্পষ্ট করেছেন যে, এটি আপাতত একটি অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত। ভবিষ্যতে ওয়েজ বোর্ডের মাধ্যমে স্থায়ী সমাধানের জন্য পুনরায় পর্যালোচনা করা হবে।[TECHTARANGA-POST:7958]উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে সোমবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নয়ডার ফেজ ২-সহ প্রায় ৮০টি এলাকা। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছিল দিল্লি-নয়ডা সংযোগকারী মূল রাস্তাগুলি। যদিও এই অশান্তিতে উস্কানি দেওয়ার নেপথ্যে 'পাক-যোগ' থাকতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে, তবুও শ্রমিকদের আর্থিক অভাব-অভিযোগ মেটাতে দ্রুত পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। এই বেতন বৃদ্ধির সিদ্ধান্তের পর শিল্পাঞ্চলে শান্তি ফিরে আসবে বলেই আশা করছে প্রশাসন।