আসানসোল-দুর্গাপুরে উড়বে 'এরিয়াল মেট্রো'! মেগা প্রজেক্টে তোলপাড় শিল্পাঞ্চল, সমীক্ষা শেষ হতেই বড় চমক সরকারের!
আসানসোল: শিল্পাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবের দোরগোড়ায়! আসানসোল ও দুর্গাপুরের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক বিপ্লব আনতে জোরকদমে এগোচ্ছে রাজ্যের প্রস্তাবিত 'এরিয়াল মেট্রো' বা উড়াল মেট্রো প্রকল্প। বাজেটে ঘোষণার পর থেকেই এই মেগা উদ্যোগকে রূপ দিতে গতি বাড়িয়েছে রাজ্য সরকার। প্রকল্পের কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা সমীক্ষার (টেকনো-ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি) দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ সংস্থা ‘রাইটস’ (RITES) ইতিমধ্যেই তাদের কাজ প্রায় শেষ করে এনেছে। খুব শীঘ্রই মেট্রো এবং দামোদর নদের ওপর নতুন সেতুর বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর (DPR) তৈরির কাজ চূড়ান্ত হতে চলেছে।রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই মেগা প্রকল্পের বর্তমান অগ্রগতি নিয়ে জানিয়েছেন, আসানসোল ও দুর্গাপুরকে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যতে তাদের ‘মেগা সিটি’র রূপ দেওয়ার লক্ষ্যেই এই যুগান্তকারী পদক্ষেপ। বর্তমানে ট্রেন ও সড়কপথে দুটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে যাতায়াতে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে। এই সময় এক ধাক্কায় অনেকটাই কমিয়ে আনতে হালকা ও অত্যন্ত সাশ্রয়ী প্রকৃতির এই ‘এরিয়াল মেট্রো’ বা মাস র্যাপিড ট্রানজিট সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি, বার্নপুরের সাথে বাঁকুড়ার সংযোগ তৈরি করতে দামোদর নদের ওপর নতুন সেতুর কাজও দ্রুত শুরু করার প্রস্তুতি চলছে।অন্যদিকে, এই পরিকাঠামোগত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (আড্ডা) শিল্পক্ষেত্রে বড় বিনিয়োগ টানতে তৎপর হয়ে উঠেছে। কালিপাহাড়ির গাড়ই নদী এলাকা ও মঙ্গলপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে নতুন জমি অধিগ্রহণ করে আধুনিক শিল্পপার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকে যোগাযোগের মূল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চালু করা হচ্ছে নতুন বিমান রুট ও কার্গো পরিষেবা। বর্ষা কাটলেই জীর্ণ রাস্তা মেরামতের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে, যা গোটা অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।