Hidden Stories (বাংলা)

ট্রাফিক পুলিশকে সঙ্গে নিয়ে আসানসোল শহর পরিদর্শন, অবৈধ দখলদারদের কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

শহরের ফুটপাত দখলমুক্ত করা এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এবার সরাসরি রাস্তায় নামলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার আচমকাই আসানসোল শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন তিনি। সঙ্গে ছিলেন ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পরিদর্শন চলাকালীন জিটি রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত দখল এবং অবৈধ পার্কিংয়ের ছবি দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।[TECHTARANGA-POST:10786]জিটি রোডের ফুটপাত দখল করে ব্যবসা চালানো দোকানদারদের কড়া হুঁশিয়ারি দিয়ে অগ্নিমিত্রা স্পষ্ট জানিয়ে দেন, কোনও অবস্থাতেই ফুটপাত দখল বরদাস্ত করা হবে না। পুলিশ আধিকারিকদের উপস্থিতিতেই অবৈধভাবে ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেন তিনি। ফুটপাত দখলের পাশাপাশি শহরের অন্যতম বড় সমস্যা হয়ে উঠেছে জিটি রোডে যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখা। এর জেরে প্রায় প্রতিদিনই তৈরি হচ্ছে তীব্র যানজট, চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এদিন সেই চিত্র সামনে আসতেই ক্ষোভ উগরে দেন পুরমন্ত্রী। তিনি ট্রাফিক আধিকারিকদের নির্দেশ দেন, নিয়ম ভেঙে রাস্তার উপর বাস দাঁড় করানো হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে।[TECHTARANGA-POST:10766]মন্ত্রী জানান, অবৈধভাবে রাস্তার উপর বাস পার্কিং করলে সেই বাসে কাঁটা লক লাগিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার নিজে দাঁড়িয়ে থেকেই রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক বাসে কাঁটা লক লাগানোর ব্যবস্থা করেন তিনি। প্রশাসনের এই কড়া পদক্ষেপে শহরে আলোড়ন পড়েছে। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য ফুটপাত সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে। রাস্তার পাশে নিয়ম বহির্ভূতভাবে কোনও বাস পার্কিং করা যাবে না। আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” প্রশাসন সূত্রে খবর, আসানসোলের ট্রাফিক ব্যবস্থাকে আরও সুষ্ঠু করতে আগামীদিনেও এই ধরনের নজরদারি ও অভিযান চলবে। ফুটপাত দখল এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতেই এগোতে চাইছে প্রশাসন।

ট্রাফিক পুলিশকে সঙ্গে নিয়ে আসানসোল শহর পরিদর্শন, অবৈধ দখলদারদের কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার