রাঢ়বঙ্গের ৫ জেলাকে তলব শুভেন্দুর! বাজেটের আগে চাইলেন উন্নয়নের খতিয়ান
কলকাতা: রাজ্যে ক্ষমতা বদলের পর সপ্তাহ খানেক পার হতেই এবার জেলাস্তরের প্রশাসনিক কাজে গতি আনতে কোমর বেঁধে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সরকারি প্রকল্পের অগ্রগতি ঠিক কেমন, তা খতিয়ে দেখতে আগামী ২১ মে এক হাইপ্রোফাইল প্রশাসনিক বৈঠক ডেকেছেন তিনি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পূর্ব বর্ধমান— এই পাঁচ জেলার শীর্ষ আধিকারিকদের নিয়ে যৌথভাবে এই পর্যালোচনা বৈঠক করা হবে। মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে নির্দেশিকা জারি হতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসনগুলি। কোন কোন প্রকল্পের কাজ থমকে রয়েছে, কোথায় গতি বাড়ানো প্রয়োজন— তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তৈরি করতে আজ, শুক্রবার থেকেই অভ্যন্তরীণ প্রস্তুতি বৈঠক শুরু করে দিয়েছেন জেলাকর্তারা। খরচ ও সময় বাঁচাতেই পাঁচটি জেলাকে এক ছাতার তলায় এনে এই ম্যারাথন বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।[TECHTARANGA-POST:9170]শপথ নেওয়ার পর থেকেই স্বচ্ছ ও গতিশীল প্রশাসনের বার্তা দিয়ে একাধিক কড়া পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী। এখনও নতুন মন্ত্রিসভার বিস্তার না হলেও, আগামী ২২ জুন রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে নব্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ মেগা বাজেট। পরিকাঠামো খাতের ওপর বিশেষ জোর দিয়ে প্রতিটি দপ্তরকে যখন বাজেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক তখনই পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রীর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। জেলা স্তরের কাজের আসল খতিয়ান পেতে শনিবার থেকেই এই পাঁচ জেলার নতুন বিধায়কদের সঙ্গেও বৈঠকে বসছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। বিধায়কেরা নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য কী কী নতুন কাজের প্রস্তাব দিচ্ছেন, তার একটি চূড়ান্ত তালিকাও মুখ্যমন্ত্রীর টেবিলে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।