E20 বিতর্কে বড় আইনি পদক্ষেপ, ডিপফেক রুখতে হাইকোর্টে গড়করি
E20 (২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল) নীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক নিম্নরুচিকর পোস্ট। তার মধ্যে রয়েছে ডিপফেক ভিডিও, AI-নির্মিত ছবি এবং মানহানিকর পোস্ট। এবার এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। এই ধরনের বিভ্রান্তিকর কনটেন্টের মাধ্যমে তাঁর এবং তাঁর পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।[TECHTARANGA-POST:11300]সোমবার বিচারপতি অভয় আহুজার বেঞ্চ গড়করিকে Meta, X (প্রাক্তন টুইটার), Google এবং অজ্ঞাত পরিচয় কনটেন্ট নির্মাতা ও প্রচারকারীদের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়েরের অনুমতি দিয়েছে। পিটিশনে গড়করি দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একাধিক সম্পাদিত ভিডিও, AI-তৈরি ডিপফেক, ভুয়ো ছবি ছড়িয়ে পড়েছে। তাঁর অভিযোগ, এই পোস্টগুলিতে বলা হয়েছে = যে E20 কর্মসূচি থেকে তিনি ও তাঁর পরিবার আর্থিকভাবে লাভবান হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করার জন্যই ছড়ানো হচ্ছে। এছাড়াও তিনি আরও বলেছেন, তাঁর মন্ত্রকের তরফ থেকে E20 বা Ethanol Blended Petrol (EBP) কর্মসূচির নীতি প্রণয়ন, বাস্তবায়ন বা পরিচালনার করা হয়নি। এই প্রকল্প পরিচালনা করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। ফলে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা তথ্যগতভাবে ভুল বলেই দাবি করেছেন তিনি। মামলায় আদালতের কাছে গড়করির আবেদন, সোশ্যাল মিডিয়া থেকে ডিপফেক ভিডিও, AI-তৈরি ছবি, সম্পাদিত ক্লিপ এবং মানহানিকর পোস্ট দ্রুত সরানো হোক। পাশাপাশি, যাঁরা এই কনটেন্ট তৈরি ও প্রচার করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। আর ভবিষ্যতে এই সমস্ত বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশে নিষেধাজ্ঞা জারি করারও আবেদন জানিয়েছেন তিনি।[TECHTARANGA-POST:11295]আইনজীবী সন্দীপ এস লাড্ডা আদালতে জানান, এই কনটেন্ট মুম্বই ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। তাই বম্বে হাইকোর্টের দেওয়ানি এখতিয়ারে মামলাটি গ্রহণের বিশেষ অনুমতি চাওয়া হয়েছিল। আদালত তা মঞ্জুর করেছে। উল্লেখ্য, কেন্দ্র সরকার খনিজ তেল আমদানির উপর নির্ভরতা কমানো, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে E20 নীতি কার্যকর করছে।