জ্যোতি বসুর মন্তব্যের প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ, ডক্টরস ডে-তে স্বাস্থ্যব্যবস্থা নিয়ে সরব শুভেন্দু
ডক্টরস ডে-র মঞ্চ থেকেই বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী ও জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে বিধাননগর হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যব্যবস্থা, হাসপাতালের পরিকাঠামো এবং প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।[TECHTARANGA-POST:10470]মুখ্যমন্ত্রী বলেন, "যেখানেই হাত দিচ্ছি, দেখছি বিগত সরকারের ধ্বংসলীলা। বাংলায় এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা কাম্য ছিল না।" তাঁর দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা অবহেলা ও দুর্নীতির শিকার হয়েছে। সেই পরিস্থিতি থেকে বাংলাকে বের করে আনাই এখন সরকারের অন্যতম লক্ষ্য। বক্তব্যের সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়-এর অবদানের কথা তুলে ধরেন শুভেন্দু। পাশাপাশি স্মরণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকেও। তিনি বলেন, "জ্যোতি বসু একসময় বলেছিলেন, যেখানেই হাত দিচ্ছি, দেখছি বিধানচন্দ্র রায় তা শুরু করে দিয়ে গিয়েছেন। আর আমি মুখ্যমন্ত্রী হিসেবে যেখানেই হাত দিচ্ছি, দেখছি বিগত সরকারের ধ্বংসলীলা।"ফিডার ক্যানেলের ধার থেকে অবৈধ গাছ কাটা, সামশেরগঞ্জে গ্রেপ্তার ৫শুভেন্দুর অভিযোগ, তৃণমূল সরকারের আমলে হাসপাতালগুলির পরিকাঠামো ভেঙে পড়েছিল। "হাসপাতালের ভিতরে কুকুর-বেড়াল শুয়ে থাকত," বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন, বাংলার এত রোগী কেন চিকিৎসার জন্য ভিনরাজ্যে যেতে বাধ্য হন? তাঁর কথায়, রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, যাতে মানুষকে চিকিৎসার জন্য আর বাইরে ছুটতে না হয়। [TECHTARANGA-POST:10372]মুখ্যমন্ত্রী আরও বলেন, "এই ধ্বংসলীলা থেকে বাংলাকে বার করতে হবে।" স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা পরিষেবা এবং চিকিৎসকদের কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করাই সরকারের অগ্রাধিকার বলে জানান তিনি। পাশাপাশি উল্লেখ করেন, বাংলার বহু চিকিৎসক আজ ইউরোপ-সহ বিশ্বের বিভিন্ন দেশে সাফল্যের সঙ্গে কাজ করছেন। সেই দক্ষতাকে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে কাজে লাগানোরও বার্তা দেন মুখ্যমন্ত্রী।