অনলাইন টিকিটেই এন্ট্রি! ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে বড় সিদ্ধান্ত ডুরান্ডের
মরশুমের প্রথম কলকাতা ডার্বির আগে ফুটবলপ্রেমীদের জন্য বড় স্বস্তির খবর। অনলাইনে ডার্বির টিকিট কাটলেও আর আলাদা করে রিডিম করতে হবে না। এম-টিকিট (M-Ticket) দেখিয়েই সরাসরি যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করা যাবে। শুক্রবার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ডুরান্ড কাপ কর্তৃপক্ষ।সূত্রের খবর, রাজ্যের ক্রীড়া দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র হস্তক্ষেপের পরই ম্যাচ-ডে টিকিট ব্যবস্থায় এই পরিবর্তন আনা হয়েছে। ফলে অনলাইনে টিকিট কাটা সমর্থকদের আর নির্দিষ্ট কাউন্টার থেকে হার্ড কপি সংগ্রহ করার প্রয়োজন হবে না। শনিবার, ২৫ জুলাই বিকেল ৫টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মহারণ দিয়েই শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ। এর আগে ক্রীড়ামন্ত্রী ঘোষণা করেছিলেন, এবার প্রথমবারের মতো ডুরান্ড কাপে চালু হবে পেপারলেস টিকিটের ব্যবস্থা। তবে বৃহস্পতিবার পর্যন্ত যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁদের টিকিট রিডিম করার নির্দেশ দেওয়া হয়েছিল। তা নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষও দেখা দেয়। এরপর শুক্রবার ডুরান্ড কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত জানিয়ে দেয়। এখন থেকে অনলাইনে কাটা এম-টিকিটই স্টেডিয়ামে প্রবেশের জন্য বৈধ। অর্থাৎ আর লাইনে দাঁড়িয়ে হার্ড কপি সংগ্রহের কোনও ঝক্কি নেই।[TECHTARANGA-POST:11229]উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ফুটবল সমর্থকদের দাবি ছিল পেপারলেস টিকিট ব্যবস্থা চালুর। এতদিন সেই দাবি বাস্তবায়িত না হলেও, এবার ডুরান্ড কাপ থেকেই সেই ব্যবস্থা কার্যকর হতে চলেছে। নতুন সিদ্ধান্তে ডার্বির আগে স্বস্তি ফিরেছে হাজার হাজার ফুটবলপ্রেমীর মধ্যে।