পাণ্ডবেশ্বরঃ পারিবারিক অশান্তির জেরে চাঞ্চল্য ছড়াল পাণ্ডবেশ্বরে। স্বামী রাতের খাবার খেতে বসেছিলেন। আচমকাই তাঁর উপর হামলা চালানো হয়। অভিযোগ, হাতুড়ি, শাবল, কোদাল-সহ একাধিক ভারী জিনিস দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হল না। স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। [TECHTARANGA-POST:12154]মৃতের নাম শেখ হাসমত, বয়স ৪৪ বছর। কর্মসূত্রে তিনি বীরভূমে থাকতেন। কয়েক দিন ধরে মহালে শ্বশুরবাড়িতে ছিলেন হাসমত। পরিবারের দাবি, হাসমতের শ্যালক প্রথমে হামলা করেন। পরে তাঁর স্ত্রীও হামলায় যোগ দেন বলে অভিযোগ। হাতের সামনে থাকা হাতুড়ি, শাবল, কোদাল এবং লোহার রড দিয়ে তাঁকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। [TECHTARANGA-POST:12152]ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু ঠিক কী কারণে এই হামলা, সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ ছিল কি না এবং ঘটনায় অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।