Hidden Stories (বাংলা)

ভোট-বঙ্গে ফের রেশন দুর্নীতির অনুসন্ধানে ইডি! চাল ব্যবসায়ীদের ডেরায় একযোগে তল্লাশি

হাবড়া: বঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের একবার নড়েচড়ে বসল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সকালে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে উত্তর ২৪ পরগনার হাবড়ার একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করলেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলার জাল কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতেই এই তৎপরতা বলে ইডি সূত্রে খবর।[TECHTARANGA-POST:8384]শনিবার ভোরে কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে ইডির কয়েকটি দল আলাদা-আলাদাভাবে উত্তর ২৪ পরগনা, কলকাতা ও বর্ধমানের উদ্দেশে রওনা দেয়। পরে মোট ন'টি জায়গায় একযোগে তল্লাশি শুরু করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার দাপুটে চাল ব্যবসায়ী সমীর চন্দ এবং সাগর সাহার বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারীরা। শুধু বাড়িতেই নয়, তাঁদের গদি এবং গুদামগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে। ইডি আধিকারিকদের দাবি, প্রথমে দরজা খুলতে টালবাহানা করা হলেও দীর্ঘ সময় অপেক্ষার পর তদন্তকারীরা ভিতরে ঢোকার সুযোগ পান।[TECHTARANGA-POST:8382]তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই অভিযানের নেপথ্যে রয়েছে ২০২০ সালে বসিরহাট থানায় দায়ের হওয়া একটি অভিযোগ। তৎকালীন শুল্ক দফতরের এক আধিকারিক বাংলাদেশে গম পাচারের অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের সূত্র ধরেই 'এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট' (ECIR) করে তদন্তে নামে ইডি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রেশনের বিপুল পরিমাণ খাদ্যশস্য চাল ব্যবসায়ীদের হাত ঘুরে পাচার করা হত। এই মামলায় এর আগেও ১৭টি জায়গায় তল্লাশি চালিয়েছেন আধিকারিকরা।[TECHTARANGA-POST:8375]রাজ্য রাজনীতির বর্তমান আবহে এই অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ। গত ২৩ এপ্রিল ১৫২টি কেন্দ্রে প্রথম দফার ভোট শেষ হয়েছে। আগামী ২৯ এপ্রিল (বুধবার) দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। যার মধ্যে রয়েছে হাবড়াও। সেই ভোটের ঠিক চারদিন আগে কেন্দ্রীয় সংস্থার এই অতি-সক্রিয়তা মোটেও ভালো চোখে দেখছে না শাসকদল তৃণমূল কংগ্রেস।তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তৃণমূলকে বিব্রত করার চেষ্টা করছে। ভোটের মুখে ভোটারদের প্রভাবিত করতেই এই চাল ব্যবসায়ী এবং নেতাদের টার্গেট করা হচ্ছে।[TECHTARANGA-POST:8362]অন্যদিকে, বিজেপি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, আইন আইনের পথে চলছে এবং যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা কেউই রেহাই পাবে না। আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই ইডির এই অভিযানে নতুন কোনও তথ্য উঠে আসে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

ভোট-বঙ্গে ফের রেশন দুর্নীতির অনুসন্ধানে ইডি! চাল ব্যবসায়ীদের ডেরায় একযোগে তল্লাশি

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার