রাতভর ঝগড়ার পর সকালে রক্তাক্ত দেহ উদ্ধার, পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ; তদন্তে পরকীয়ার সূত্রও
হুগলির রিষড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় ৩২ বছরের মণিকা ওঝার গলা কাটা দেহ। সবচেয়ে মর্মান্তিক বিষয়, রক্তাক্ত দেহের পাশেই বিছানায় ঘুমিয়ে ছিল তাঁর ছয় বছরের মেয়ে। ঘটনার পর থেকেই নিখোঁজ স্বামী দীপঙ্কর সরকার। তাঁকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।[TECHTARANGA-POST:10335]পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিষড়া ৩ নম্বর কলোনি প্রাথমিক স্কুলের কাছে ভাড়া বাড়িতে মেয়েকে নিয়ে থাকতেন মণিকা। তাঁর স্বামী কর্মসূত্রে দিল্লিতে থাকলেও শুক্রবার তিনি বাড়িতে ফিরেছিলেন। স্থানীয়দের দাবি, গভীর রাতে ওই বাড়ি থেকে স্বামী-স্ত্রীর বচসার শব্দ শোনা গিয়েছিল। শনিবার সকাল পর্যন্ত ঘর থেকে কোনও সাড়া না মেলায় প্রতিবেশীরা সন্দেহ করেন। পরে গেটের তালা ভেঙে ভিতরে ঢুকতেই চোখে পড়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মণিকার দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রিষড়া থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।[TECHTARANGA-POST:10321]প্রাথমিক তদন্তে ঘরের ভিতর একটি শাড়ি ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। তদন্তকারীদের অনুমান, প্রথমে শ্বাসরোধ করে মহিলাকে খুন করা হয়, এরপর গলা কেটে দেওয়া হয়। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের সন্দেহ, পারিবারিক অশান্তি, সম্পর্কের টানাপোড়েন বা পরকীয়ার মতো কোনও বিষয় এই ঘটনার নেপথ্যে থাকতে পারে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পলাতক স্বামীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার জেরে রিষড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।