উচ্চ মাধ্যমিকে নরেন্দ্রপুর-পুরুলিয়ার জয়জয়কার! ৪৯৬ পেয়ে রাজ্যে প্রথম আদৃত পাল, প্রথম দশে ৬৪ জনের লম্বা তালিকা
কলকাতা: অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল। এ বছর সেমেস্টার পদ্ধতিতে হওয়া প্রথম এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে নজর কেড়েছে পূর্ব মেদিনীপুর। ৯১.২৩ শতাংশ পাশের হার নিয়ে রাজ্যে সাফল্যের ধারা বজায় রাখলেন পড়ুয়ারা। এ বছর মেধাতালিকায় প্রথম দশে জায়াগা করে নিয়েছেন ৬৪ জন, যার মধ্যে ছাত্রের সংখ্যা ৫৬ এবং ছাত্রী রয়েছেন ৮ জন। ৪৯৬ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আদৃত পাল। ৪৯৫ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের (পুরুলিয়া) জিষ্ণু কুন্ডু এবং নরেন্দ্রপুরের ঋতব্রত নাথ ও ঐতিহ্য পাছাল।[TECHTARANGA-POST:9101]মেধাতালিকার তৃতীয় স্থানে রয়েছেন পাঁচ জন— দেবপ্রিয় মাজি, তন্ময় মণ্ডল, সৌম্য রায়, শুভায়ন মণ্ডল এবং প্রীতম বল্লভ। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৪৯৪। চতুর্থ ও পঞ্চম স্থানেও রয়েছে লম্বা তালিকা। ৪৯৩ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন অরিত্রকুমার চক্রবর্তী, গোলাম ফৈসল, অর্কদ্যুতি ধর এবং চন্দ্রচূড় সেন। পঞ্চম স্থানে রয়েছেন শ্রীরামপুর রমেশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের মেঘা মজুমদার-সহ মোট ছয় জন মেধাবী পড়ুয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, এ বছর পরীক্ষার পরিসংখ্যানে দেখা গিয়েছে যে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় অনেকটাই বেশি। প্রায় ৬৬ হাজার ৪৮৬ জন বেশি ছাত্রী এবার পরীক্ষায় বসেছিলেন।[TECHTARANGA-POST:9078]চলতি বছর নতুন সেমেস্টার পদ্ধতির চ্যালেঞ্জ কাটিয়ে উত্তীর্ণ হয়েছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫ জন। প্রথম পর্বের পরীক্ষায় প্রীতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা শীর্ষস্থানে থাকলেও চূড়ান্ত ফলাফলে আদৃত পাল ছিনিয়ে নিয়েছেন সেরার শিরোপা। ১৫টি ভাষা এবং ১৬টি বৃত্তিমূলক বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হয়েছিল রাজ্যের ৬ হাজার ৮৩৭টি স্কুলের পড়ুয়াদের। জেলা হিসেবে ৯৪.১৯ শতাংশ পাশের হার নিয়ে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। নতুন পদ্ধতির প্রথম পরীক্ষায় পড়ুয়াদের এই ফলাফল রাজ্যে শিক্ষা ব্যবস্থার এক নতুন মোড় হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।