ভারতে এসে আর খেয়ালখুশি মতো থাকা যাবে না! মোদী সরকারের কড়া পদক্ষেপে এবার বিপাকে বিদেশি নাগরিকরা
নয়াদিল্লি: সিএএ বা নাগরিকত্ব আইনের পর এবার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে অভিবাসন নীতিতেও এক ঐতিহাসিক ও বড়সড় রদবদল ঘটাল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা এক হাইভোল্টেজ বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে আসা কোনো বিদেশি নাগরিক যদি সেই মেয়াদ ফুরনোর পরেও এ দেশে থাকতে চান, তবে তাঁকে আগেভাগেই সরকারের কাছ থেকে বিশেষ অনুমোদন বা রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। আগে নিয়ম ছিল, ভারতে থাকার নির্দিষ্ট ১৮০ দিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আরও ১৪ দিন সময় পেতেন বিদেশিরা, যার মধ্যে রেজিস্ট্রেশন করালেই চলত। কিন্তু সেই পুরোনো ও শিথিল নিয়ম এবার পুরোপুরি বাতিল করে দিল কেন্দ্র। ওয়াকিবহাল মহলের মতে, মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং অবৈধ অভিবাসীদের রুখতেই এই কড়া আইনি খাঁড়া নামাল মোদী সরকার।[TECHTARANGA-POST:9693]নতুন সংশোধিত নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক যদি স্বল্পমেয়াদের ভিসা নিয়ে ভারতে পা রাখেন এবং তাঁর পরিকল্পনা থাকে ১৮০ দিনের বেশি সময় এখানে কাটানোর, তবে তাঁকে সেই ১৮০ দিনের সময়সীমা পার হওয়ার আগেই ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে (FRRO) গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো অবস্থাতেই মেয়াদ শেষের পর আর একটি দিনও বাড়তি সময় দেওয়া হবে না। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার সাফ জানিয়ে দিয়েছে, মেয়াদ বাড়ানোর এই ধরনের আবেদনে সহজেই সবুজ সংকেত মিলবে না। কেবল অত্যন্ত জরুরি ও ব্যতিক্রমী পরিস্থিতি খতিয়ে দেখেই এই অনুমোদন দেওয়া হতে পারে। এই নিয়মের জেরে ট্যুরিস্ট বা বিজনেস ভিসায় ভারতে এসে দিনের পর দিন থেকে যাওয়া ব্যক্তিদের ওপর এবার থেকে ২৪ ঘণ্টা কড়া নজরদারি চালাবে অভিবাসন দপ্তর।[TECHTARANGA-POST:9692]কড়া বিধিনিষেধের পাশাপাশি অবশ্য সংশোধিত এই নিয়মে একটি বিশেষ ক্ষেত্রে বড়সড় স্বস্তিও দিয়েছে কেন্দ্রীয় সরকার। যে সমস্ত পরিবারে বাবা-মায়ের মধ্যে যেকোনো একজন বিদেশি এবং অন্যজন ভারতের নাগরিক, তাঁদের জন্য নিয়মের কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে। আগের নিয়ম অনুসারে, ভারতে কোনো শিশুর জন্ম হলে বাবা-মাকে বাধ্যতামূলকভাবে ৩০ দিনের মধ্যে অনলাইন পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন অফিসারকে সেই তথ্য জানাতে হতো। তা না করলে নবজাতকের জন্য নতুন ভিসা বা ভারত ছাড়ার অনুমতি মিলত না। কিন্তু নতুন নিয়ম বলছে, শিশুর বাবা-মায়ের একজন যদি ভারতীয় হন এবং তাঁরা যদি সন্তানের জন্য ভারতীয় নাগরিকত্বই বজায় রাখতে চান, তবে আর ৩০ দিনের মধ্যে তড়িঘড়ি সেই তথ্য জানানোর কোনো আইনি বাধ্যবাধকতা রইল না। তবে সেই শিশু যদি ভারতে থাকাকালীনই অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে ফেলে, তবে নাগরিকত্ব পাওয়ার ঠিক ৩০ দিনের মধ্যে বাবা-মাকে অবশ্যই রেজিস্ট্রেশন অফিসারকে বিষয়টি লিখিতভাবে জানাতে হবে।