ভোটের মুখে ব্যারাকপুরে রাজনৈতিক সমীকরণ! ‘রাজনৈতিক অভিভাবক’ তড়িৎ তোপদারের আশীর্বাদ নিলেন অর্জুন সিং
ব্যারাকপুর: ভোটের রণদামামা বাজার মাঝেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে এক চাঞ্চল্যকর সৌজন্য সাক্ষাৎ। সোমবার প্রবীণ বাম নেতা তথা প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদারের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন নোয়াপাড়া ও জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং রাজেশ কুমার। নির্বাচনের এই সন্ধিক্ষণে দুই ভিন্ন মেরুর নেতার এই বৈঠক ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।[TECHTARANGA-POST:7698]সাক্ষাৎ শেষে অর্জুন সিং সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই সাক্ষাতের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তাঁর কথায়, “আমি চিরকালই বলে এসেছি তড়িৎ বরণ তোপদার আমার রাজনৈতিক অভিভাবক। তাই সময় পেলেই আমি ওঁর সঙ্গে দেখা করতে আসি, ওঁর পরামর্শ নিই। আজও সেটাই করেছি।” প্রবীণ নেতার প্রতি অর্জুনের এই শ্রদ্ধা প্রদর্শন রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।[TECHTARANGA-POST:7695]রাজনীতিতে কোনো সৌজন্যই নিছক সৌজন্য নয়—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে ব্যারাকপুর ও জগদ্দল এলাকায় তড়িৎ তোপদারের এক সময়ের বিশাল প্রভাবকে মাথায় রেখে অর্জুনের এই সফর কি কোনো তলে তলে সমর্থনের ইঙ্গিত? নাকি স্রেফ সৌজন্যের বাতাবরণে ভোটের আগে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানো? উত্তর দেবে সময়। তবে বিধানসভা নির্বাচনের মুখে বাম-বিজেপি নেতার এই ফ্রেম রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিল।