Junput Project:যেখানে থমকে গিয়েছিল মিসাইল পরীক্ষা, সেখানেই ফিরছে ডিআরডিও! মেগা বিনিয়োগের রোডম্যাপ শুভেন্দুর
কলকাতা: তৃণমূল জমানায় প্রবল বিরোধিতায় মাঝপথে থমকে যাওয়া প্রতিরক্ষা গবেষণা প্রকল্প এবার নতুন গতিতে ডানা মেলতে চলেছে বাংলায়। পূর্ব মেদিনীপুরের কাঁথি উপকূলের জুনপুটে জাতীয় স্তরের বড়সড় প্রকল্প গড়তে চলেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা তথা ডিআরডিও (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)। শুক্রবার খোদ এই মেগা প্রকল্পের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, ডিআরডিও-র জন্য রাজ্য সরকারের তরফে জুনপুটে জমি বরাদ্দ করা হচ্ছে এবং অতি দ্রুত এই মহা প্রকল্পের বিস্তারিত রূপরেখা সামনে আনা হবে।উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের এই উপকূলবর্তী এলাকা দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় একাধিক প্রকল্পের ক্ষেত্রে রাজনৈতিক টানাপোড়েনের শিকার হয়েছে। বাম আমলে কাঁথির হরিপুরে প্রস্তাবিত পরমাণু বিদ্যুৎকেন্দ্র গড়ার উদ্যোগ বিরোধী তৃণমূলের তুমুল বাধায় ভেস্তে গিয়েছিল। পরবর্তীতে তৃণমূলের শাসনকালেই হরিপুরের ঢিল ছোড়া দূরত্বে জুনপুটে ডিআরডিও-র অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ‘ফ্লাইট ট্রায়াল’ ও উৎক্ষেপণ পরিকাঠামো তৈরির কাজ শুরু হলেও, ২০২৪ সালে তৃণমূলের শ্রমিক সংগঠন ও স্থানীয় বিক্ষোভের মুখে তা কার্যত বন্ধ হয়ে যায়। রাজনৈতিক পালাবদলের পর সেই জুনপুটেই ফের ডিআরডিও-র নতুন প্রকল্পের জমি বরাদ্দের ঘোষণা কার্যত রাজ্যের শিল্প ও নিরাপত্তা গবেষণার ক্ষেত্রে এক ঐতিহাসিক মোড় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।শুক্রবার সল্টলেক সিটি সেন্টারে একটি নামী পোশাক বিপণি চেইনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী কেবল প্রতিরক্ষাই নয়, রাজ্যের কর্মসংস্থান ও শিল্প বিনিয়োগ নিয়েও একের পর এক বড় ঘোষণা করেন। শুভেন্দু জানান, বর্তমানে ওই বিপণির ১১০টি আউটলেট রয়েছে এবং আগামী ১৮ মাসের মধ্যে রাজ্যে আরও ১৪০টি নতুন স্টোর খুলবে তারা। এই এক সংস্থাই রাজ্যে ১৯০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে, যার ফলে সরাসরি সাত হাজার কর্মসংস্থান তৈরি হবে এবং চাঙ্গা হবে এমএসএমই ক্ষেত্র। পাশাপাশি ওই গোষ্ঠী পুরুলিয়ায় ১০০০ একর জমিতে একটি বিশাল সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়েছে, যার জন্য ইতিমধ্যে ১০০ একর জমিও কেনা হয়ে গিয়েছে। পুজোর আগেই ৩৩টি শিল্প সংস্থাকে জমি হস্তান্তরের সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী ২৪ সেপ্টেম্বর স্বয়ং গৌতম আদানি কলকাতায় আসছেন। একইসঙ্গে দিল্লির ব্রিকস শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের মহা সমারোহে সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে তাঁকেও মোদী সরকার আমন্ত্রণ জানিয়েছে বলে এদিন নিশ্চিত করেন শুভেন্দু।হিডেন স্টোরিজ নিউজ