দীর্ঘদিনের অপেক্ষার অবসান! জুলাই থেকেই খুলছে নৈহাটি ও কাঁকিনাড়া জুটমিল
দীর্ঘ অচলাবস্থার অবসান। অবশেষে ফের খুলতে চলেছে নৈহাটি ও কাঁকিনাড়া জুটমিল। আগামী ১ জুলাই থেকে কাঁকিনাড়া জুটমিলে উৎপাদন শুরু হবে। আর ৩ জুলাই থেকে ফের চালু হচ্ছে নৈহাটি জুটমিল। এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হাজার হাজার শ্রমিক ও তাঁদের পরিবার।[TECHTARANGA-POST:10419]শুধু এই দুই জুটমিলই নয়, রাজ্যের আরও ১৭টি বন্ধ চটকল ধাপে ধাপে চালু করার প্রস্তুতিও শুরু হয়েছে। সূত্রের খবর, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ হলেই একে একে সেগুলিও খুলে দেওয়া হবে। সোমবার কলকাতার নতুন সচিবালয়ে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রম দপ্তরের শীর্ষ আধিকারিক, মিল কর্তৃপক্ষ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্তে পৌঁছনো হয়।[TECHTARANGA-POST:10417]বৈঠকে বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার, অতিরিক্ত শ্রম কমিশনার রজত পাল এবং ব্যারাকপুরের উপ-শ্রম কমিশনার মনোজ কুমার সাহাও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুটমিলগুলি চালু হলে শুধু কর্মসংস্থানই বাড়বে না, সংশ্লিষ্ট এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। শ্রমিক সংগঠনগুলির আশা, সরকার ও মিল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বাকি বন্ধ চটকলগুলিও দ্রুত চালু হবে এবং বহু শ্রমিকের জীবিকা ফের স্বাভাবিক ছন্দে ফিরবে।