কাঠমাণ্ডুঃ একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল। মাস খানেক আগেই ভয়াবহ হরপা বানে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল হিমালয়ের কোলে থাকা দেশটি। সেই স্মৃতি এখনও টাটকা। তারই মাঝে প্রবল বৃষ্টির মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাহাড়ের একটা বিশাল অংশ। সঙ্গে নেমে আসছে মাটি-পাথর আর কাদার স্রোত। চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়েছে নেপালের কালী গণ্ডোকী নদী সংলগ্ন এলাকায়। সোমবার এই পাহাড়ধসের ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। প্রাথমিকভাবে নিখোঁজের সংখ্যা অন্তত ১৪।
সামাজিক মাধ্যমে ভয়াবহ পাহাড় ধসের এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, পাহাড়ের বিরাট একটি অংশ যেন আচমকা আলগা হয়ে নিচের দিকে নেমে আসছে। মুহূর্তের মধ্যে মাটি-পাথরের স্রোত ঢুকে পড়ছে নিচু এলাকায়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মানাং, মায়াগডি, বাগলুং, পল্পা একাধিক এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যত ভেঙে গুড়িয়ে গেছে একাধিক ঘর-বাড়ি। গত কয়েক দিন ধরে এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হয়েছে। তার জেরেই পাহাড় ভেঙে পড়েছে কিনা, তা জানা যায়নি। কিন্তু ভয়াবহ বিপর্যয়ের জেরে হাতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, রবিবার তিব্বত সীমান্তের কাছে হিমলাং হিমল শৃঙ্গের বেস ক্যাম্পের আশপাশে তুষারধসের খবর পাওয়া যায়। সেখানে নিখোঁজ অন্তত ১০ জন। এছাড়াও গত ২৬ আগস্ট নেপালের মধ্যাঞ্চলে ভয়াবহ হড়পা বানের মতো ঘটনা ঘটে। এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সরকারি হিসাবে সেই বিপর্যয়ে মৃতের সংখ্যা ১,৫০০ ছাড়িয়েছে। কয়েক হাজার মানুষের এখনও কোনও খোঁজ মেলেই। আর তার মধ্যেই আবার নতুন করে পাহাড় ধসের ঘটনা নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।
বিষয় : Nepal Natural Disaster

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন