উত্তর কলকাতার নামী স্কুলে অসুস্থ বহু ছাত্রী, বন্ধ হল হস্টেলের রান্নাঘর!
কলকাতা: দুপুরের খাবার খাওয়ার পর থেকেই একে একে শুরু হয়েছিল পেটে অসহ্য যন্ত্রণা, বমি আর তীব্র শ্বাসকষ্ট। উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের এক নামী স্কুলের হস্টেলে সোমবার রাতারাতি এভাবে অসুস্থ হয়ে পড়ল অন্তত ২৫ জন ছাত্রী। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তুমুল আতঙ্ক ও চাঞ্চল্য। তড়িঘড়ি সমস্ত ছাত্রীকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। খবর পেয়েই গভীর রাতে হাসপাতালে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।[TECHTARANGA-POST:11586]হস্টেল সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর পর্যন্ত ছাত্রীরা সম্পূর্ণ সুস্থই ছিল এবং একসাথে পড়াশোনাও করেছিল। কিন্তু দুপুরের খাওয়া শেষ হতেই দুপুর ২টো থেকে সন্ধ্যা ৮টার মধ্যে একে একে ২৫ জন ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তৎক্ষণাৎ তাদের আর জি কর হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসকরা দ্রুত ওষুধ দিয়ে পর্যবেক্ষণে রাখেন। রাত ১১টা নাগাদ হাসপাতালে পৌঁছে অসুস্থ ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। প্রাথমিক তদন্তে জল বা খাবারে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) আশঙ্কাই করা হচ্ছে। ঘটনার গুরুত্ব বুঝে রাতেই স্কুলের রান্নাঘর সিল করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী এবং বিকল্প রান্নার ব্যবস্থার নির্দেশ দেন। বিষক্রিয়ার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই রান্নাঘরের খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।