নয়াদিল্লি: দেশজুড়ে নিট (NEET-UG 2026) পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং পরবর্তীকালে পরীক্ষা বাতিলের ঘটনায় এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ‘ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (FAIMA)। বৃহস্পতিবার শীর্ষ আদালতে একটি আবেদন জমা দিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র হাত থেকে পরীক্ষা নেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়ার জোরালো দাবি জানাল এই সংগঠন।[TECHTARANGA-POST:9125]সুপ্রিম কোর্টে ‘ফাইমা’-র আইনজীবী তন্বী দুবে সওয়াল করেন, বারবার পরীক্ষা বাতিলের ফলে প্রায় ২২ লক্ষ ৭০ হাজার পড়ুয়ার মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। তাঁদের দাবি, এনটিএ-র বিকল্প হিসাবে একটি নতুন স্বচ্ছ সংস্থা গঠন করা হোক। আর সেই নতুন সংস্থা গঠিত না হওয়া পর্যন্ত পুনঃপরীক্ষা তদারকির জন্য একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন মনিটরিং কমিটি গড়া হোক। এই কমিটিতে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ ও ফরেনসিক বিজ্ঞানীদের রাখারও আবেদন জানানো হয়েছে।[TECHTARANGA-POST:9124]এদিকে, এই দুর্নীতির তদন্তভার হাতে নিয়ে সিবিআই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। তদন্তকারীদের দাবি, প্রশ্ন ফাঁসের এই চক্রটি মহারাষ্ট্রের নাসিকে প্রথম পরিকল্পনা সেরেছিল। সেখান থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্রের কপি পৌঁছয় হরিয়ানায়। সেখানে ১০টি করে প্রশ্ন সম্বলিত ৫টি আলাদা সেট তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হয় রাজস্থানের জয়পুর ও সীকরে। পরবর্তীতে সেই বিষাক্ত জাল অন্ধ্রপ্রদেশ, জম্মু-কাশ্মীর, তেলঙ্গানা, দিল্লি ও বিহার পর্যন্ত বিস্তৃত হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।[TECHTARANGA-POST:9123]চিকিৎসক সংগঠনের মতে, বর্তমান পরীক্ষা ব্যবস্থায় বড়সড় গলদ রয়েছে যা দিনের পর দিন মেধাবী পড়ুয়াদের কেরিয়ার নষ্ট করছে। শীর্ষ আদালতে তাদের আবেদন, শুধুমাত্র তদন্ত নয়, পরীক্ষার গোটা পদ্ধতিতেই আমূল পরিবর্তন আনা প্রয়োজন। সুপ্রিম কোর্ট এখন এই বিষয়ে কী নির্দেশ দেয়, তার দিকেই তাকিয়ে আছেন দেশের লক্ষ লক্ষ ডাক্তারি পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার