Hidden Stories (বাংলা)

দিতে হতে পারে বাড়তি টাকা! পুজোর আগে জোম্যাটোর নতুন নিয়মাবলী

উৎসব দোরগোড়ায়। বাড়িতে পুজোর প্রস্তুতি, বাইরে বেরোনোর প্ল্যান, আর তার সঙ্গে অবশ্যই ভালো-মন্দ খাওয়াদাওয়া। রাত পোহালেই গণেশ চতুর্থী। তার আগে থেকেই অনেকের বাড়িতে শুরু হয়ে গিয়েছে উৎসবের আমেজ। আর এই সময়টাতেই খাবার অর্ডার করার প্রবণতাও বেড়ে যায়। কিন্তু অনলাইনে খাবার অর্ডার করার ক্ষেত্রে এবার একটু সাবধান হতে হবে।[TECHTARANGA-POST:12580]কারণ, ক্যাশ অন ডেলিভারিতে খাবার অর্ডার করলে এবার অতিরিক্ত টাকা গুনতে হতে পারে। এমন চার্জের কথাই জানিয়েছে ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো। যদিও কত টাকা দিতে হবে, সেই অঙ্ক সংস্থার তরফে স্পষ্ট করে বলা হয়নি। তবে বেশ কিছু গ্রাহকের দাবি, অর্ডারের বিল অনুযায়ী এই চার্জের পরিমাণ বদলাচ্ছে। কোথাও ৫ টাকা, কোথাও আবার ২০ টাকা পর্যন্ত অতিরিক্ত দিতে হচ্ছে বলে জানা যাচ্ছে। কারও ক্ষেত্রে আবার ৭ টাকা থেকেই চার্জ শুরু হচ্ছে।তবে একটা স্বস্তির জায়গা রয়েছে। অনলাইনে পেমেন্ট করলে আপাতত এই বাড়তি চার্জ দিতে হচ্ছে না। অর্থাৎ ক্যাশে টাকা দেওয়ার অভ্যাস থাকলে এবার সেই অভ্যাসটা বদলানোর কথা ভাবতেই পারেন।এমনিতেই বাইরে থেকে খাবার আনাতে গেলে শুধু খাবারের দামটাই দিতে হয় না। ডেলিভারি চার্জ, প্ল্যাটফর্ম ফি, প্যাকেজিং চার্জ এসব খরচও যোগ হয়। তার উপর রয়েছে জিএসটি। কয়েক মাস আগেই প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে জোম্যাটো এবং সুইগি। বর্তমানে জোম্যাটোয় প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি ১৪.৯০ টাকা, আর সুইগিতে ১৯.৫৮ টাকা।ফলে একটা বিরিয়ানি, পিজ্জা কিংবা পছন্দের কোনও খাবার অর্ডার করতে গিয়ে শেষ পর্যন্ত বিলটা অনেকটাই বেড়ে যায়। উৎসবের দিনে বাড়িতে রান্না করার ঝক্কি এড়িয়ে অনলাইনে খাবার অর্ডার করতেই অনেকেই স্বাচ্ছন্দ বোধ করেন। কিন্তু এবার সেই সুবিধার সঙ্গে বাড়তি খরচটাও মাথায় রাখতে হবে।[TECHTARANGA-POST:12558]অর্থাৎ উৎসবের আনন্দে খাবারের অর্ডার হয়তো কমবে না, কিন্তু অর্ডার করার আগে এবার একবার বিলটা দেখে নেওয়া ভালো। কারণ খাবারের দাম যতটা দেখাচ্ছে, শেষ পর্যন্ত পকেট থেকে খরচটা কিন্তু তার চেয়ে একটু বেশিই হতে পারে। তাই পুজোয় আনন্দ থাকুক, জমিয়ে ভুরিভোজ চলুক, তবে পকেট খালি করার আগে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো। 

 দিতে হতে পারে বাড়তি টাকা! পুজোর আগে জোম্যাটোর নতুন নিয়মাবলী