কলকাতা: তীব্র দাবদাহে পুড়তে থাকা দক্ষিণবঙ্গ অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেলেও, তার হাত ধরেই ফিরে এল জলযন্ত্রণার চেনা ছবি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসকে মিলিয়ে দিয়ে শুক্রবার কাকভোর থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে শুরু হয়েছে প্রবল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। ঝেঁপে নামা এই বৃষ্টির সঙ্গে ছিল দমকা ঝোড়ো হাওয়ার দাপট, যার জেরে সকালের দিকে কার্যত দুর্যোগের পরিস্থিতি তৈরি হয় শহরজুড়ে। ভোরের এই নাগাড়ে বৃষ্টির জেরে ইতিমধ্যেই কলকাতার একাধিক নিচু এলাকা এবং গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গিয়েছে। তবে গত কয়েকদিনের হাঁসফাঁস গরমের পর এই প্রাক-বর্ষার বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে জনজীবনে, এক ধাক্কায় তাপমাত্রা কমেছে প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস।এই পরিস্থিতির জেরে শুক্রবার সকালেই কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় জারি করা হয়েছে ‘অরেঞ্জ অ্যালার্ট’ বা কমলা সতর্কতা। পাশাপশি, তীব্রতা কিছুটা কম হলেও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলবর্তী জেলাগুলিতে ‘ইয়েলো অ্যালার্ট’ বা হলুদ সতর্কতা জারি রেখেছে হাওয়া অফিস। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, এই দুর্যোগ আসলে প্রাক-বর্ষার বৃষ্টির জের। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছিল এবং বজ্রপাতের জেরে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও সামনে এসেছে। এই সপ্তাহান্তে তো বটেই, আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এইরকম বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেও ভারী বৃষ্টির জেরে সতর্কতা জারি করা হয়েছে।[TECHTARANGA-POST:9752]হিডেন স্টোরিজ নিউজ