শিবাজিকে নিয়ে ‘মনগড়া’ গল্প বাগেশ্বর বাবার! ‘ভণ্ড’ বলে তোপ রীতেশের, রেগে আগুন মারাঠাভূম
মুম্বই: রুপোলি পর্দায় ছত্রপতি শিবাজি মহারাজ হয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা রীতেশ দেশমুখ। কিন্তু, সেই ছবি মুক্তির আগেই ক্ষোভের পারদ ঊর্ধ্বমুখী মহারাষ্ট্রে। সৌজন্যে স্বঘোষিত আধ্যাত্মিক গুরু ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে ‘বাগেশ্বর বাবা’। আরএসএস-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মারাঠা সম্রাটকে নিয়ে বিতর্কিত ও ইতিহাস-বিকৃত মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় ফুঁসছে গোটা মারাঠাভূমি। আর, সরাসরি ময়দানে নেমে কড়া জবাব দিয়েছেন খোদ রীতেশ দেশমুখও।[TECHTARANGA-POST:8448]গত শনিবারের ওই অনুষ্ঠানে ধীরেন্দ্র শাস্ত্রী দাবি করেন, ছত্রপতি শিবাজি তাঁর গুরু সাধক সমর্থ রামদাসের পায়ে রাজমুকুট রেখে রাজপাট ছেড়ে দিতে চেয়েছিলেন। শাস্ত্রীর এই ‘গল্প’ ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইতিহাসবিদ এবং রাজনৈতিক নেতাদের একাংশের দাবি, শিবাজি ও রামদাসের এই ধরনের সাক্ষাতের কোনও ঐতিহাসিক প্রমাণ নেই। এটি স্রেফ ইতিহাসকে বিকৃত করার একটি চক্রান্ত।[TECHTARANGA-POST:8446]নিজের পরিচালিত ও অভিনীত ছবি ‘রাজা শিবাজি’র মুক্তির আগে এই ঘটনায় চুপ থাকেননি রীতেশ। সমাজমাধ্যমে তিনি ধীরেন্দ্র শাস্ত্রীকে একহাত নিয়ে লেখেন, “আমাদের পূজ্য দেবতাকে নিয়ে যখন কেউ বিকৃত ও অর্থহীন কথা বলে, তখন একজন শিবভক্ত হিসাবে তা অত্যন্ত অপমানজনক।” রীতেশ আরও যোগ করেন, সহ্যাদ্রি পর্বতমালা যেমন অটুট, তেমনই ছত্রপতি মহারাজের নামও কোটি বছর ধরে অটুট থাকবে। এই ধরনের তুচ্ছ চেষ্টা তাঁর ঐতিহ্য খাটো করতে পারবে না।[TECHTARANGA-POST:8441]এই ঘটনা কেন্দ্র করে উত্তাল মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি। কংগ্রেস নেতা বিজয় ওয়াডেট্টিওয়ার শাস্ত্রীকে ‘ভণ্ড বাবা’ বলে কটাক্ষ করেছেন। এনসিপি মন্ত্রী ছগন ভুজবল এবং শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত প্রশ্ন তুলেছেন, কেন অনুষ্ঠানের উপস্থিত বিজেপি বা আরএসএস নেতারা তাঁকে তৎক্ষণাৎ সংশোধন করতে বললেন না? কোলহাপুরের ছত্রপতি সম্ভাজি রাজে ভোঁসলে তো সরাসরি মহারাষ্ট্রে বাগেশ্বর বাবার অনুষ্ঠান নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।[TECHTARANGA-POST:8424]চাপের মুখে পড়ে অবশ্য ক্ষমা চেয়েছেন ধীরেন্দ্র শাস্ত্রী। তিনি সাফাই দিয়ে বলেন, “কাউকে অসম্মান করার ইচ্ছে ছিল না। আমি শুধু শিবাজির দয়ালু স্বভাবের কথা বোঝাতে নিজের মতো করে একটি গল্প বলেছিলাম।” তবে, তাঁর এই ‘সাফাই’ শান্ত করতে পারেনি মহারাষ্ট্রের আমজনতাকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কংগ্রেস ও সম্ভাজি ব্রিগেড বিক্ষোভ মিছিল জারি রেখেছে।