চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! পুজোর আগেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ, দিনক্ষণ জানিয়ে দিল SSC
কলকাতা: বছরের পর বছর ধরে চলা অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এলো সবচেয়ে বড় সুখবর। সব ঠিকঠাক থাকলে আর আইনি জটিলতা না বাড়লে উৎসবের মরশুম অর্থাৎ পুজোর আগেই স্কুলে যোগ দিতে চলেছেন বহু যোগ্য প্রার্থী। দীর্ঘ টানাপোড়েন শেষে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরুর চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করে দিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। বুধবার এই সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। [TECHTARANGA-POST:10983]বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ২১ জুলাই থেকে এই বহুল প্রতীক্ষিত কাউন্সেলিং প্রক্রিয়া পুরোদমে শুরু হতে চলেছে, যা চলবে ৩০ জুলাই পর্যন্ত। কোন প্রার্থীর কাউন্সেলিং কবে এবং কোথায় হবে, সেই সংক্রান্ত বিষদ তথ্য সহ কাউন্সেলিং লেটার শুক্রবার থেকেই স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।প্রসঙ্গত উল্লেখ্য, এই নিয়োগ প্রক্রিয়ার ইতিহাস কিন্তু বেশ দীর্ঘ এবং চড়াই-উতরাইয়ে ভরা। ২০১৫ সালের ১৬ আগস্ট উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, যার ফলাফল প্রকাশ পায় ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর। এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৪ সালের ২৮ আগস্ট ১৪,০৫২ জন প্রার্থীর চাকরির নির্দেশ আসে এবং একই বছরের ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে কমিশন। সেই বছরের ৩ অক্টোবর থেকে কাউন্সেলিং ও সুপারিশ পর্ব শুরু হয়ে ১২,৭২৩ জনের প্রক্রিয়া সম্পন্ন হলেও, আইনি জটিলতার জেরে বাকি প্রার্থীদের ভবিষ্যৎ পুরোপুরি আটকে গিয়েছিল।[TECHTARANGA-POST:10973]পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অবমাননা মামলায় মেধা তালিকাভুক্ত বাকি ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশের বিশেষ নির্দেশ দেওয়া হয়। আদালতের সেই নির্দেশকে মান্যতা দিয়ে গত ২১ মে শিক্ষা দপ্তর আদালতে ১,১৭৭টি শূন্যপদের তালিকা ও তথ্য জমা দেয়। এই আইনি জট খোলার ওপর ভিত্তি করেই ফের নতুন উদ্যমে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। অবশেষে কাউন্সেলিং শুরুর এই নতুন সূচি প্রকাশিত হওয়ায় চাকরিপ্রার্থীদের মনে খুশির হাওয়া। ওয়াকিবহাল মহলের ধারণা, কাউন্সেলিং পর্ব মিটে গেলেই পুজোর আগেই শূন্যপদগুলিতে চূড়ান্ত নিয়োগের চিঠি পেতে চলেছেন যোগ্য শিক্ষকরা, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে জোর চর্চা শুরু হয়েছে।