Hidden Stories (বাংলা)

Health and Wellness: পুজো শেষেই আবহাওয়ার ভোলবদল! নিম্নচাপের ভ্রুকুটি, জ্বর-সর্দি-কাশি থেকে বাঁচতে কী করবেন?

কলকাতা: পুজোর রেশ কাটতেই বদলে যাচ্ছে বঙ্গের হাওয়া। কোথাও হালকা শীতের আমেজ, কোথাও আবার বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দ্বাদশীর দিন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। কিন্তু সেটা কতটা শক্তিশালী হবে, কিংবা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনও সম্ভাবনা রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আবহাওয়ার এই খামখেয়ালিপনায় বাড়ছে মরসুমি অসুস্থতা নিয়ে উদ্বেগ।আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গেই অনেকের মাথা যন্ত্রণা, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, কাশি, জ্বর কিংবা গায়ে-হাতে ব্যথার মতো উপসর্গ দেখা যাচ্ছে। চিকিৎসকদের মতে, এগুলি মরসুমি ফ্লুয়ের লক্ষণ হতে পারে। জ্বরের পাশাপাশি হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে ফোস্কার মতো র‌্যাশ, ক্ষত কিংবা চামড়া উঠে যাওয়ার সমস্যাও দেখা যাচ্ছে। শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা এবং গুরুতর অসুখে ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে তাই বাড়তি সতর্কতা জরুরি। রাস্তায় বেরোলে মাস্ক পরুন, বিশেষ করে ভিড়ের মধ্যে। পাঁচ দিনের বেশি জ্বর থাকলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।জ্বরের সঙ্গে হাত-পা, মুখ কিংবা শরীরের অন্য অংশে ফোস্কার মতো র‍্যাশ বা ক্ষত দেখা দিলে অবহেলা করবেন না। পরিস্থিতি বুঝে চিকিৎসক ডেঙ্গি বা ম্যালেরিয়ার পরীক্ষার পরামর্শ দিতে পারেন। পর্যাপ্ত জল পান, বিশ্রাম এবং পুষ্টিকর খাবার খাওয়ার দিকে নজর দিন। মাঝে মাঝে গরম পানীয় খেলে সাময়িক আরাম পেতে পারেন। ভিটামিন ডি পেতে সকালে ১০-১৫ মিনিট গায়ে রোদ লাগান। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দ্বাদশী পর্যন্ত উত্তরের জেলাগুলিতে মূলত পরিষ্কার আকাশ থাকার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা হতে পারে। তবে দ্বাদশী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াঙের মতো পাহাড়ি এলাকায়। 

Health and Wellness: পুজো শেষেই আবহাওয়ার ভোলবদল! নিম্নচাপের ভ্রুকুটি, জ্বর-সর্দি-কাশি থেকে বাঁচতে কী করবেন?