যুবভারতীর ‘মেসি কাণ্ড’ ভুলে নতুন মিশনে শতদ্রু! এবার কলকাতায় শুধু দর্শন নয়, খেলতে আসতে পারেন লিও
যুবভারতীর সেই বিতর্কিত মেসি অনুষ্ঠানের স্মৃতি এখনও টাটকা। বিশৃঙ্খলার কারণে বাংলার ক্রীড়াপ্রেমীদের কাছে যা হয়ে উঠেছিল এক তিক্ত অধ্যায়। এবার সেই অধ্যায় বদলে নতুন ইতিহাস লিখতে চাইছেন শতদ্রু দত্ত। সূত্রের খবর, ফের কলকাতায় লিওনেল মেসিকে আনার বড় পরিকল্পনা করছেন তিনি। তবে এবার শুধু মেসিকে কাছ থেকে দেখার সুযোগ নয়, মাঠে তাঁর খেলা দেখার সম্ভাবনাও তৈরি হতে পারে।[TECHTARANGA-POST:11050]গতবারের ঘটনার পর নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল শতদ্রুকে। জেলেও যেতে হয়েছিল তাঁকে। কিন্তু মেসিকে কলকাতায় ফেরানোর ইচ্ছা থেকে সরে আসেননি তিনি। বরং রাজ্যে সরকার বদলের পরও জানিয়েছিলেন, ফের লিওনেল মেসিকে বাংলায় আনতে চান। বিশ্বকাপ চলাকালীন শতদ্রুর একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। ১৬ জুলাই আর্জেন্টিনার ম্যাচের দিন তিনি লিখেছিলেন, “যাঁদের আমার উপর বিশ্বাস আছে, আসছে বছর আবার হবে। আমি আনবই।” যদিও সরাসরি মেসির নাম উল্লেখ করেননি তিনি, তবে সময় ও ইঙ্গিত থেকেই অনেকে মনে করছেন তাঁর বার্তা মেসিকে ঘিরেই। [TECHTARANGA-POST:11051]শনিবার নিউ ইয়র্ক থেকে আর্জেন্টিনার পতাকা হাতে আরও একটি পোস্ট করেন শতদ্রু। ক্যাপশনে লেখেন, “নেভার সে নেভার। আসছে বছর…”। সূত্রের দাবি, বর্তমানে আমেরিকায় রয়েছেন তিনি এবং মেসির ক্লাব ইন্টার মায়ামির কর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলেও জানা যাচ্ছে।[TECHTARANGA-POST:11030]সূত্রের খবর, আগামী বছর প্রাক মরশুম প্রস্তুতির জন্য ইন্টার মায়ামির দক্ষিণ এশিয়া সফরের সম্ভাবনা রয়েছে। সেই সফরে ভারত ও বাংলাদেশের পাশাপাশি কলকাতাকেও যুক্ত করার চেষ্টা চলছে। যদি পরিকল্পনা সফল হয়, তাহলে ইন্টার মায়ামির জার্সিতে কলকাতার মাটিতে খেলতে দেখা যেতে পারে মেসিকেও। তবে এবার আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আয়োজনের ক্ষেত্রে কোনও খামতি রাখতে চাইছেন না উদ্যোক্তারা। কারণ এবার বিষয়টি শুধু মেসির আগমন নয়, সঙ্গে থাকবে একটি আন্তর্জাতিক ক্লাবের ম্যাচের সম্ভাবনাও।