25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home Top-News Lucknow Shiva Sharma death: লখনউয়ে ব্যবসায়ী মৃত্যুকাণ্ডে নয়া মোড়! মডেল শ্রদ্ধার সঙ্গে হাত ধরে নামার সিসিটিভি ফুটেজে তোলপাড়
Top-Newsদেশ

Lucknow Shiva Sharma death: লখনউয়ে ব্যবসায়ী মৃত্যুকাণ্ডে নয়া মোড়! মডেল শ্রদ্ধার সঙ্গে হাত ধরে নামার সিসিটিভি ফুটেজে তোলপাড়

Share
Share

লখনউ: বহুতল থেকে পড়ে লখনউয়ের ব্যবসায়ী শিবা শর্মার (২৮) রহস্যমৃত্যুর ঘটনায় এবার উঠে এল চাঞ্চল্যকর সব তথ্য। গত ৯ অক্টোবর অযোধ্যা গ্রিন অ্যাপার্টমেন্ট থেকে পড়ে মারা গিয়েছিলেন শিবা। প্রাথমিক অবস্থায় ঘটনাটিকে দুর্ঘটনা বা আত্মহত্যা বলে মনে করা হলেও, পরিবারের তরফে অত্যাচার ও খুনের অভিযোগ তোলার পর তড়িঘড়ি খুনের মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হলো একটি পুরোনো সিসিটিভি ফুটেজ ও অডিও ক্লিপ, যা এই রহস্যে এক নতুন মোড় এনে দিয়েছে।

ভাইরাল হওয়া গত ৪ অগাস্টের একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ঘটনার কয়েক সপ্তাহ আগে অভিযুক্ত ৩১ বছর বয়সি মডেল শ্রদ্ধা দুবে, তাঁর বোন এবং ব্যবসায়ী শিবা শর্মা একই সঙ্গে বহুতলের সিঁড়ি দিয়ে নেমে আসছেন। কালো রঙের পোশাকে থাকা মডেল শ্রদ্ধা নিজের সঙ্গী শিবার হাত ধরে হেঁটে নামছেন, যা তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয়। 

তবে মৃত্যুর পর থেকেই ফেরার ছিলেন শ্রদ্ধা, তাঁর বোন এবং গাড়িচালক দানিশ। গত ২০ অক্টোবর নাগপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গোয়েন্দাদের দাবি, ঘটনার পর নেপাল ও দিল্লি-এনসিআর হয়ে নাগপুরে আত্মগোপন করেছিলেন তাঁরা। তাঁদের ধরিয়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

অন্যদিকে, গ্রেপ্তারির আগে সোশাল মিডিয়ায় পোস্ট করা একাধিক ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি করেছেন মডেল শ্রদ্ধা দুবে। তাঁর দাবি, শিবা তাঁর ফ্ল্যাটের শৌচাগারে ঢুকে বারান্দা থেকে ঝাঁপ দিয়েছেন। শ্রদ্ধার অভিযোগ, শিবা ১৫ থেকে ২০ লক্ষ টাকার দেনায় ডুবে ছিলেন এবং সেই টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন। তিনি কোনো শারীরিক নির্যাতন বা মারধর করেননি বলেও দাবি করেন এবং সিসিটিভি ফুটেজেই সব সত্যতা প্রমাণিত হবে বলে সোশাল মিডিয়ায় জানান।

ইতিমধ্যেই এক অডিও ক্লিপ সামনে এসেছে, যেখানে শিবাকে শ্রদ্ধার গয়না বিক্রি করার কথা স্বীকার করতে শোনা গিয়েছে বলে দাবি। গয়নাগুলির মূল্য প্রায় ৬ লক্ষ টাকা ছিল এবং সেই টাকা ফেরত পাওয়া নিয়েই বচসা চলছিল বলে অডিওতে জানা গিয়েছে। বর্তমানে অভিযুক্তেরা জেল হেফাজতে রয়েছেন। বহুতল থেকে ঝাঁপ নাকি ঠেলে ফেলে খুন, এই সিসিটিভি ও অডিও ফুটেজ খতিয়ে দেখে সত্য উদঘাটনে মরিয়া লখনউ পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *