বাকু: আজারবাইজানের বাকুতে ফিফা আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের মঞ্চে রূপকথা লিখছে ভারতের কিশোর ফুটবলাররা। গ্রুপ পর্বের অত্যন্ত নাটকীয় ও রোমাঞ্চকর ম্যাচে শক্তিশালী বাহরিনকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য আরও জোরালো করল কোচ বিবিয়ানো ফার্নান্ডেজের দল।
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে থাকা ‘ব্লু কল্টস’রা গ্রানাডার বিরুদ্ধে আগের ম্যাচে জয় হাতছাড়া হওয়ার ভুল থেকে শিক্ষা নিয়ে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। এবার গ্রুপ ‘কে’-র শেষ লড়াইয়ে ‘আফ্রিকান জায়ান্ট’ সেনেগালকে বেগ দিয়ে বাকুর মাটিতে এক ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার হাতছানি রয়েছে ভারতের ছোটদের সামনে।
ম্যাচের শুরু থেকেই বাহরিনের বিরুদ্ধে গতি ও টেকনিককে বুড়ো আঙুল দেখিয়ে দাপট দেখাতে শুরু করে ভারত। ১৬ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ম্যাকডনিশ এনগাইরাংবাম। তার ঠিক তিন মিনিট পরেই, অর্থাৎ ১৯ মিনিটে ব্যবধান বাড়ান ফর্মে থাকা ফরোয়ার্ড লালরেমরুয়াতফেলা।
প্রথমার্ধের শেষে ২-০ গোলে স্বস্তিদায়ক লিড নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় অনূর্ধ্ব-১৫ দল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ছবিটা সম্পূর্ণ বদলে যায়। কামব্যাকের মরিয়া চেষ্টা চালায় বাহরিন। ২৮ মিনিটে রাশেদ আবদুলরহমানের গোলে ব্যবধান কমানোর পর সমতা ফেরায় তারা।
তবে দমে না গিয়ে প্রবল মানসিক দৃঢ়তা দেখায় ভারত। ৩৮ মিনিটে সৌমজিৎ সরকারের পাস থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় তথা চলতি প্রতিযোগিতার পঞ্চম গোলটি করে ভারতকে ফের এগিয়ে দেন লালরেমরুয়াতফেলা।
এর পরের মিনিটেই বাঁ দিক থেকে দুরন্ত গতিতে উঠে এসে নিবাস মেইতেই ওয়াহেংবাম দলের চতুর্থ গোলটি করে স্কোরলাইন ৪-২ করে দেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বাহরিনের আউন দূরপাল্লার শটে আরও এক গোল শোধ করলেও, ভারতের জয় আটকাতে পারেনি।
এই রোমাঞ্চকর জয়ের ফলে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করল ভারত। এর আগে লাওসকে ৪-২ গোলে হারানোর পাশাপাশি ক্যামেরুনকেও ১-২ গোলে হারিয়েছিল বিবিয়ানোর ছেলেরা। বাহরিনের বিরুদ্ধে এই জয়ের সুবাদে গ্রুপে প্রথম তিনের জায়গা পাকা করে ফেলেছে ব্লু-কল্টসরা।
তবে এখানেই থামতে নারাজ দল। টুর্নামেন্টের পরবর্তী পর্বের ‘এলিট পারফরম্যান্স টিয়ার এ’-তে জায়গা করে নিতে হলে গ্রæপ পর্বের শেষ ম্যাচে সেনেগালের বিরুদ্ধে জয়ের বিকল্প নেই। শারীরিক সক্ষমতা ও টেকনিকের দিক থেকে সেনেগাল অত্যন্ত শক্তিশালী দল হওয়ায় এই ম্যাচটি ভারতের জন্য হতে চলেছে অগ্নিপরীক্ষা।
তবে ক্যামেরুন যদি বাহরিনকে হারাতে না পারে, সেক্ষেত্রে ড্র করলেও গ্রুপসেরা হওয়ার সুযোগ থাকছে ভারতের সামনে। কোচ বিবিয়ানোর তত্ত্বাবধানে রক্ষণের ছোটখাটো ভুল শুধরে নিয়ে এখন সেনেগাল বধের চূড়ান্ত ছক কষছে ভারতীয় শিবির।
Leave a comment