25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home পশ্চিমবঙ্গ Malda Kali Puja 2026: ৩৫ ফুটের কালী, যানজট মুক্ত ও ফুটপাত সরাতে পথে নামল মালদহ প্রশাসন
পশ্চিমবঙ্গ

Malda Kali Puja 2026: ৩৫ ফুটের কালী, যানজট মুক্ত ও ফুটপাত সরাতে পথে নামল মালদহ প্রশাসন

Share
Share

মালদহ: উৎসবের মরশুমে একদিকে যখন থিম আর মেগাবাজেটের পুজো ঘিরে উৎসাহের পারদ চড়ছে, ঠিক তখনই শহরের যানজট নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাঁড়াশি অভিযানে নামল প্রশাসন। একদিকে ঐতিহ্য ও আড়ম্বরের বার্তা দিয়ে আইহোতে শুরু হয়ে গেল ৩৫ ফুটের বিশাল কালী প্রতিমার প্রস্তুতি। 

অন্যদিকে উৎসবের মুখে মালদহ শহরবাসীকে স্বস্তি দিতে ফুটপাত দখলমুক্ত করা এবং টোটো চলাচলের ওপর লাগাম টানতে যৌথ অভিযানে নামল ইংলিশবাজার পুরসভা ও জেলা পুলিশ প্রশাসন। কালীপুজোকে কেন্দ্র করে জেলাজুড়ে সাধারণ মানুষের যাতায়াত সুগম করতে এবং উৎসবের দিনগুলিতে বিশৃঙ্খলা এড়াতেই মালদহ জেলা প্রশাসনের এই বাড়তি তৎপরতা।

সোমবার রীতি-নীতি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হলো মালদহের হাবিবপুর ব্লকের ঐতিহ্যবাহী আইহো অঞ্চল সর্বজনীন কালীপুজোর। মন্দির প্রাঙ্গণে ঢাকের বাদ্যি ও পুজো-অর্চনার মাধ্যমে সম্পন্ন হয় কাঠামো পুজো। প্রতি বছরের মতো এবারও আইহোর মূল আকর্ষণ হতে চলেছে প্রায় ৩৫ ফুট উচ্চতার দানবীয় কালী প্রতিমা। 

বিশালাকার প্রতিমার পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে চোখধাঁধানো আলোকসজ্জা এবং টানা ১৫ দিনব্যাপী মেলা। উৎসবের সূচনাতেই এলাকাজুড়ে পুজো উদ্যোক্তা ও সাধারণ মানুষের উদ্দীপনা তুঙ্গে পৌঁছেছে।

অন্যান্য বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুজোকে কেন্দ্র করে যাতে শহরে যানজটের নরকযন্ত্রণা না তৈরি হয়, সে বিষয়ে সোচ্চার হয়েছে প্রশাসন। সোমবারই মালদহ শহরের ফোয়ারা মোড় থেকে রথবাড়ি মোড় পর্যন্ত যৌথ পরিদর্শনে নামেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ী, সদর মহকুমা শাসক সম্ভদীপ সরকার এবং ইংলিশবাজার থানার আইসি পঙ্কজ সিং। 

রাস্তার দু’পাশের ফুটপাত বেআইনিভাবে দখল করে থাকা ব্যবসায়ীদের কড়া বার্তা দেওয়া হয়। চেয়ারম্যান অম্লান ভাদুড়ী স্পষ্ট জানান, ব্যবসায়ীদের ফুটপাত খালি করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে এবং তাঁদের জন্য বিকল্প স্থানের ব্যবস্থাও রাখা হয়েছে। কিন্তু সময়সীমা পার হওয়ার পরেও ফুটপাত দখলমুক্ত না করা হলে কড়া আইনি পদক্ষেপ করা হবে। 

একই সঙ্গে শহরের যানজট কমাতে টোটো নিয়ন্ত্রণে নির্দিষ্ট প্রবেশপথ বা পয়েন্ট তৈরির পাশাপাশি দুটি বৃহৎ পার্কিং জোন তৈরির উদ্যোগ নিচ্ছে পুরসভা। সব মিলিয়ে, আইহোর মেগা পুজোর আনন্দ ও শহরের যানজটমুক্ত শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কোমর বেঁধে নেমে পড়েছে মালদহ জেলা প্রশাসন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *