ইন্দোর: জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের ‘অরা ট্যুর’-এর কনসার্ট ঘিরে ফের ছড়িয়ে পড়ল তীব্র বোমাতঙ্ক। আগামী ১৫ নভেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে আয়োজিত হতে চলেছে দিলজিতের বহু প্রতীক্ষিত লাইভ কনসার্ট। কিন্তু তার আগেই মধ্যপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চে একটি উড়ো ইমেল ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। সেই ইমেলে সরাসরি হুমকি দিয়ে জানানো হয়েছে, দিলজিৎ যেখানে পারফর্ম করবেন, সেই অনুষ্ঠানমঞ্চ বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ঘটনার ভয়াবহতা বুঝে হাইকোর্ট এবং বিচারপতিদের বাসভবনের নিরাপত্তা একধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোয়ালিয়রের পুলিশ প্রধান সুকীর্তি সোমবংশী এই হুমকি মেল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে আইপি ঠিকানা থেকে মেলটি পাঠানো হয়েছে, তার সঙ্গে কোনো বিদেশি নেটওয়ার্কের প্রত্যক্ষ যোগ রয়েছে। প্রেরকের আসল পরিচয় ও অবস্থান জানতে দ্রুত তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম শাখা। উল্লেখ্য, এর আগেও গত ২ নভেম্বর ইন্দোরের তিনটি নামী বেসরকারি স্কুল এবং শহরের মেয়রের কাছেও এমন বেনামি হুমকি মেল এসেছিল। প্রতিটি হুমকি হালকাভাবে না নিয়ে চূড়ান্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ প্রশাসন।
তবে এহেন প্রাণনাশের হুমকি সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অবিচল আন্তর্জাতিক খ্যাত এই গায়ক। এক সাক্ষাৎকারে সব জল্পনা উড়িয়ে দিলজিৎ বলেন, “আমি ১৫ নভেম্বর ইন্দোরে যাচ্ছি এবং সেখানে গিয়ে প্রথমেই পোহা খাব। কে কী বলল তাতে কিছু এসে যায় না! খবরে বিপদের কথা শুনলেও এসব আমরা সামলাতে জানি।”
আরও পড়ুন: প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব! নিজের আত্মজীবনীতে নতুন রাজনৈতিক বোমা সনিয়ার
প্রসঙ্গত, বিদেশে সক্রিয় খালিস্তানিপন্থী গোষ্ঠীগুলির নিয়মিত নিশানায় থাকেন দিলজিৎ। এর আগে কানাডার কনসার্টে খালিস্তানি পতাকা নিয়ে বিক্ষোভকারীদের কড়া হাতে রুখে দিয়েছিলেন তিনি। বর্তমানে একের পর এক বোমাতঙ্কের হুমকি আসায় ইন্দোরের অনুষ্ঠানস্থল কার্যত মুড়ে ফেলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে।
Leave a comment