কলকাতা: একদিকে দেশের প্রধানমন্ত্রী, অন্যদিকে বলিউডের বাদশা! সঙ্গে দক্ষিণী সিনেমার সুপারস্টার থেকে শুরু করে ক্রিকেট দুনিয়ার পরিচিত মুখেরা। সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র এবং সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারানের বিয়ে ঘিরে থাকছে একাধিক চমক। গত ১১ নভেম্বর গ্রিসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। উপস্থিত ছিলেন পরিবার প্রিয়জনেরা। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বসতে চলেছে তাঁদের বিয়ের প্রীতিভোজের আসর। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কারা, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
কাব্যের বাবা তথা সান গ্রুপের চেয়ারম্যান কলানিধি মারান মেয়ের বিয়ের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে আমন্ত্রণ জানিয়েছেন দেশের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে। সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এখানেই শেষ নয়। উপস্থিত থাকতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তলপতি বিজয় থেকে শুরু করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মারান পরিবারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাঁর। সূত্রের খবর, বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকেও।
তবে অতিথি তালিকা শুধুমাত্র রাজনৈতিক অন্দরমহলেই সীমাবদ্ধ থাকছে না। উপস্থিত থাকতে পারেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তও। অনিরুদ্ধের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক রয়েছে। অন্যদিকে, বলিউড বাদশা শাহরুখ খানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। দক্ষিণী ছবির সুরকার অনিরুদ্ধ। ‘জওয়ান’ ছবির হাত ধরেই হিন্দি ছবির জগতে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। ছবির গানগুলিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
বাদ যাচ্ছে না সঙ্গীত জগতও। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন অস্কারজয়ী সুরকার এআর রহমান। অনিরুদ্ধের সঙ্গে তাঁর পেশাগত যোগাযোগ ছাড়াও ব্যক্তিগত সম্পর্কও বেশ দৃঢ়। পাশাপাশি প্রীতিভোজে দেখা যেতে পারে কাব্যের আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটারদেরও। সব মিলিয়ে রাজনীতি, সিনেমা, সঙ্গীত এবং ক্রিকেট, চার জগতের তারকাদের এক মঞ্চে দেখতে পাওয়ার অপেক্ষায় অনুরাগীরা।
আরও পড়ুন: ডিসেম্বরেই কি সাত পাকে বাঁধা পড়ছেন মিমি চক্রবর্তী? পাত্রের নাম প্রকাশ্যে, সামনে এল বিয়ের কার্ড!
Leave a comment