•
Home বিনোদন লকেট বিতর্কে করিনার পাশে তসলিমা, ধর্মের নামে হেনস্থায় সরব লেখিকা
বিনোদন

লকেট বিতর্কে করিনার পাশে তসলিমা, ধর্মের নামে হেনস্থায় সরব লেখিকা

Share
হিডেন স্টোরিজ নিউজ
বেবোর পাশে তসলিমা, নিশানায় কংগ্রেস নেতা। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: দিওয়ালির সাজ ঘিরে বর্তমানে বিতর্কের কেন্দ্রে বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। সেই অনুষ্ঠানে তিনি গলায় পরেছিলেন একটি পান্নার লকেট। তাঁর পরনে পারিবারিক ঐতিহ্যের গয়না নিয়েই আপত্তি তুলেছেন মুসলিম সম্প্রদায়ের একাংশ। অভিযোগ, লকেটে পবিত্র কোরানের আয়াত খোদাই করা থাকায় সেটিকে অলংকার রূপে ব্যবহার করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই করিনাকে আইনি নোটিস পাঠিয়েছেন কংগ্রেস নেতা তথা সমাজকর্মী আব্বাস হাফিজ। এবার সেই বিতর্কে বেবোর পাশে দাঁড়ালেন লেখিকা তসলিমা নাসরিন।

ফ্যাশনের দুনিয়ায় বরাবরই নজর কাড়েন করিনা কাপুর। দিওয়ালির পার্টিতেও তাঁর গলায় দেখা যায় প্রায় ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট। সূত্রের দাবি, ঐতিহাসিক এই গয়নাটি একসময় ভোপালের বেগমদের মালিকানায় ছিল। সইফ আলি খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক সূত্রে করিনা লকেটটি পেয়েছেন। গয়নায় খোদাই করা ‘আয়াতুল কুরসি’ নিয়েই মূল আপত্তি। আব্বাস হাফিজের অভিযোগ, পবিত্র ধর্মীয় আয়াতকে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা উচিত নয়। সেই কারণেই করিনাকে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি। পাশাপাশি তাঁকে সমাজমাধ্যম থেকে ছবি সরানো এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। 

এই ঘটনার পর সমাজমাধ্যমে নিজের মতামত জানিয়েছেন তসলিমা নাসরিন। তিনি প্রশ্ন তুলেছেন, পবিত্র আয়াত খোদাই করা লকেট গলায় পরলে সমস্যা কোথায়? তাঁর বক্তব্য, লকেট তো গলায় পরার অলংকার। সেটি পরার জন্য একজন নারীকে কেন হেনস্থার মুখে পড়তে হবে? তাঁর মতে, পাথরের উপর খোদাই করা অক্ষরের মর্যাদা রক্ষার কথা বলা হলেও একজন নারীর মর্যাদা ও স্বাধীনতার প্রশ্নটি উপেক্ষিত থেকে যাচ্ছে।

আব্বাস হাফিজের উদ্দেশেও সরব হয়েছেন তসলিমা। তাঁর বক্তব্য, কেউ কোনও ধর্মীয় বিষয়কে পবিত্র মনে করতেই পারেন। কিন্তু সেই বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দেওয়ার অধিকার কারও নেই। একজন নারী কী পোশাক পরবেন, কী গয়না ব্যবহার করবেন অথবা কীভাবে ছবি তুলবেন, তা নিয়ে অন্যের নির্দেশ তিনি শুনবেন না। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে কারও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না। করিনার ক্ষমা চাওয়ার কোনও প্রয়োজন নেই বলেই মনে করেন লেখিকা। বরং যারা একজন নারীকে হেনস্থা করার চেষ্টা যাঁরা করছেন, তাঁদেরই ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: পুরনো স্মৃতি ফিরিয়ে পাঁচ বছর পর ছোট পর্দায় ‘মীরাক্কেল’! নতুন সিজনে দেখা যাবে মীর-শ্রীলেখাদের? 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *