দুর্গাপুর: পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে এক বিজেপি নেতাকে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। ফরিদপুর থানার অন্তর্গত জব্বরপল্লি এলাকায় বুধবার রাতে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম শ্যামকুমার দাস (৩৬), যিনি বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। এই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই বিজয় নন্দী এবং প্রসূন পাণ্ডে নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে আর কারা জড়িত রয়েছে, তা জানতে ধৃতদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে জব্বরপল্লি এলাকায় ঠাকুর বিসর্জন চলছিল। সেই উৎসবের আবহেই কয়েকজন বন্ধুর সঙ্গে বসে খাওয়াদাওয়া করছিলেন শ্যামকুমার দাস। অভিযোগ, ঠিক সেই সময় পুরনো একটি জমি বিবাদকে কেন্দ্র করে বিজয় নন্দী এবং প্রসূন পাণ্ডের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। সামান্য কথা কাটাকাটি থেকে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ, এরপরই অভিযুক্তরা ধারালো অস্ত্র ও বাঁশ নিয়ে শ্যামের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে এলোপাথাড়ি মারধর করতে থাকে। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : বরানগরের ঘটনায় মাথায় হাত পুলিশের
ঘটনার এক প্রত্যক্ষদর্শী রণজয় মণ্ডল জানান, দীর্ঘদিনের পুরনো শত্রুতার জেরেই এই বচসা বাঁধে এবং অভিযুক্তরা রড ও লাঠি দিয়ে শ্যামকে বেধড়ক মারধর করে। তিনি বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। মৃতের পরিবারের তরফে ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরই পুলিশ তৎপরতার সঙ্গে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিং জানিয়েছেন, পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে।
অন্যদিকে, এই ঘটনায় রাজনৈতিক পারদও চড়তে শুরু করেছে। পাণ্ডবেশ্বর তিন নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি তারক ধীবর অভিযোগ করেন, এলাকার জমি মাফিয়া বাপি সরকারের নেতৃত্বে ২০২১ সালেও শ্যাম দাসকে ঘরছাড়া করা হয়েছিল এবং এখনও তাঁর মদতেই এই ধরনের ঘটনা ঘটছে। তবে বদলের বাংলায় পুলিশ কড়া হাতে পরিস্থিতি সামলাচ্ছে এবং আইনের ওপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান ওই বিজেপি নেতা।
Leave a comment