কলকাতা: আবার ছোট পর্দায় ফিরছে পুরনো নস্ট্যালজিয়া। একসময় বাঙালির টেলিভিশন সন্ধের অবিচ্ছেদ্য অংশ ছিল কমেডি শো ‘মীরাক্কেল’। দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে শুরু হতে চলেছে ‘মীরাক্কেল’-এর নতুন সিজন। ইতিমধ্যেই ‘মীরাক্কেল ১১’-এর অডিশনের প্রোমো প্রকাশ্যে এসেছে। আর তা দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরা। তবে এবারের সিজন আগের তুলনায় বেশ আলাদা হতে চলেছে। নতুন প্রতিভা খুঁজতে শোয়ের নির্মাতারা দর্শকদের কাছ থেকেই জোকসের ভিডিও চেয়েছে।
কী মাপকাঠি রয়েছে?
অডিশনে অংশ নিতে বয়স হতে হবে অন্তত পাঁচ বছর। আগ্রহীরা নিজের লেখা বা বলা কৌতুকের ভিডিও রেকর্ড করে পাঠাতে পারবেন। জমা পড়া ভিডিও থেকেই বেছে নেওয়া হবে প্রতিযোগীদের। এরপর শুরু হবে মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াই। নতুন সিজনে শুধু মঞ্চে দাঁড়িয়ে নয়, এবার বাড়িতে বসেই অডিশনের সুযোগ থাকছে হাস্যরসিকদের সামনে।
কবে থেকে দেখা যাবে ‘মীরাক্কেল ১১’?
সম্প্রচারের নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে নতুন সিজন সম্প্রচারিত হতে পারে। জানুয়ারির শেষ সপ্তাহে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য প্রতিযোগী বাছাইয়ের প্রক্রিয়া কত দ্রুত শেষ হয়, তার উপরই নির্ভর করছে চূড়ান্ত সময়সূচি। বিচারকের আসনে কাদের দেখা যাবে, সেই বিষয়েও এখনও কিছু জানানো হয়নি।
শেষবার ২০২১ সালে পর্দায় এসেছিল ‘মীরাক্কেল’। তারপর থেকে দীর্ঘ বিরতি। ভাতৃদ্বিতীয়ার দিন নতুন সিজনের ঘোষণা দর্শকদের কাছে বড় চমক। তবে নতুন সিজনের খবর সামনে আসতেই পুরনো টিমকে ফিরিয়ে আনার দাবি উঠেছে। সঞ্চালক মীরের পাশাপাশি বিচারকের আসনে শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত এবং পরাণ বন্দ্যোপাধ্যায়কে ফের দেখতে চান অনেকেই। কিন্তু এবার সেই পুরনো টিমের কাউকে দেখা যাবে কি না, তা ঘিরে সংশয় রয়েছে।
আরও পড়ুন: দিল্লির পর এবার ইন্দোর! দিলজিতের কনসার্ট ঘিরে ফের বাড়ল উদ্বেগ?
Leave a comment