•
Home Top-News হোয়াইট হাউসের কাছে রক্তক্ষয়ী তাণ্ডব, বন্দুকবাজের গুলিতে নিহত ১, আত্মহত্যার চেষ্টা হামলাকারীর
Top-Newsবিশ্ব

হোয়াইট হাউসের কাছে রক্তক্ষয়ী তাণ্ডব, বন্দুকবাজের গুলিতে নিহত ১, আত্মহত্যার চেষ্টা হামলাকারীর

Share
হোয়াইট হাউসের কাছে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি। ছবিৃসংগৃহীত
Share

ওয়াশিংটন:মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটন ডিসির লোগান সার্কেল এলাকায় এক ভয়াবহ বন্দুকবাজের হামলায় গোটা রাজধানী জুড়েই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার ব্যস্ত ১৫তম স্ট্রিট ও পি স্ট্রিটের উত্তর-পশ্চিম অংশে একটি ফিটনেস সেন্টারের বাইরে এই এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটে। আকস্মিক এই সশস্ত্র হামলায় মোট পাঁচজন ব্যক্তি গুরুতরভাবে গুলিবিদ্ধ হন। পরবর্তীকালে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই চাঞ্চল্যকর ঘটনায় হোয়াইট হাউসের মতো অতিসংবেদনশীল ও ভিভিআইপি অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়োসড়ো প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি জিম বা ফিটনেস সেন্টারের ভিতরে প্রবেশ করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে ওই সন্দেহভাজন বন্দুকবাজ। এরপর সে রাস্তা বেরিয়ে এসে পুনরায় এলোপাথাড়ি গুলি চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় ওয়াশিংটন ডিসি পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও পালটা পদক্ষেপ দেখে কোণঠাসা হয়ে পড়ে ওই হামলাকারী। শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে বাঁচতে সে নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তবে এই হামলার নেপথ্যে সুনির্দিষ্ট কোনো সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি না, কিংবা ঠিক কী কারণে এই রক্তক্ষয়ী কাণ্ড ঘটল, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট বা সরকারি বিবৃতি দেয়নি প্রশাসন।

আরও পড়ুন: সরকারি কাজে দেরি হলেই শোকজ! কর্মীদের জন্য নয়া নির্দেশিকা নবান্নের

ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি ও পুলিশি অপারেশন শুরু করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৫তম স্ট্রিটের ১৫০০ ব্লকের আশপাশসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা ও ট্রানজিট রুট সাধারণ মানুষের যাতায়াতের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ওই নির্দিষ্ট জোন এড়িয়ে চলার কড়া নির্দেশ দিয়েছে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট। প্রসঙ্গত, গত সোমবারই হোয়াইট হাউসের ঠিক বিপরীতে অবস্থিত লাফায়েট স্কোয়ারে একটি সন্দেহজনক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল, যার জেরে কিছুক্ষণের জন্য লকডাউন করা হয়েছিল হোয়াইট হাউস চত্বর। পরপর এমন ঘটনায় মার্কিন প্রশাসনের অন্দরে এবং নিরাপত্তা মহলে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *