কলকাতা: সরকারি কাজে দেরি রুখতে এবার আরও কড়া রাজ্য সরকার। দপ্তরে দিনের পর দিন ফাইল আটকে কাজ ফেলে রাখার অভ্যাস এবার বদলাতে হবে। নবান্নের তরফে জানানো হয়েছে, কোনও গুরুত্বপূর্ণ ফাইল বা কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলে আর কোনও অজুহাত নয়। দায়িত্বে থাকা কর্মী কিংবা আধিকারিককে দিতে হবে জবাব। প্রয়োজনে পাঠানো হবে শোকজের নোটিসও। সরকারি পরিষেবায় গতি ফেরাতে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন, ২০১৩-র আওতায় এই নির্দেশিকা কার্যকর করার কথা জানানো হয়েছে।
নবান্ন সূত্রে খবর, সরকারি কাজ দ্রুতভাবে শেষ করতে আগেও একাধিক নিয়ম চালু হয়েছিল। কিন্তু এবার সেই ব্যবস্থাকে আরও কঠোর করতে চাইছে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বরাবরই বিভিন্ন দপ্তরের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে বলেছিলেন। তাঁর বক্তব্য, সরকারি কাজে ঢিলেমি হলে বিভিন্ন প্রকল্প থেকে সাধারণ মানুষের পরিষেবায় তার প্রভাব পড়ে। সেই অবস্থান থেকেই এবার সময়সীমা মেনে কাজ করার বিষয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও কাজের দায়িত্ব পেলে তা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে কাজ অসম্পূর্ণ থাকলে সংশ্লিষ্ট কর্মীর কাছে কারণ জানতে চাওয়া যাবে। সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে শোকজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে। সেই জবাব খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার।
এছাড়াও নজরদারির জন্য মাসিক পর্যালোচনার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতি মাসের ১০ তারিখে কাজের অগ্রগতি খতিয়ে দেখা হবে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, যত দ্রুত সম্ভব সকল দপ্তরে এই নিয়ম চালু করতে হবে। দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরে কাজ আটকে থাকার ফলে সাধারণ মানুষের যে ভোগান্তিতে পড়তে হতো, তা এবার মিটবে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনুর ২.৭৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র
Leave a comment