মুম্বই: নিরাপত্তা বাড়িয়েও ফের হুমকির মুখে বচ্চন পরিবার। গত এক মাসে তিনবার হামলার হুমকি পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। এবার সেই তালিকায় যোগ হল ছেলে অভিষেক বচ্চনের নামও। খুনের হুমকি দিয়ে দিল্লি পুলিশের হাতে দুই সহযোগী গ্রেফতার হয়েছে। কিন্তু মুম্বইয়ে অমিতাভের উপর হামলার পরিকল্পনা এখনও বহাল রয়েছে বলে দাবি করেছেন তিনি। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এবার বচ্চন পিতা-পুত্রকে একসঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ওই বার্তায় লেখা হয়েছে, “যতই গ্রেপ্তার করুন, যতই নিরাপত্তা বাড়ান কিংবা বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন, গুলি আপনাদের উপর চলবেই।”
সূত্রের খবর, এবার অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনকে খুনের হুমকি দিয়েছে গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ। তিনি সরাসরি জানিয়েছেন, বিকাশ ঠাকুর এবং দীপক সিংহ তাঁর দুই সহযোগী। তাঁরা গ্রেফতার হলেও পরিকল্পনায় কোনও বদল আসেনি। মুম্বইয়ে তাঁর প্রায় ২০০ জন সহযোগী সক্রিয় রয়েছেন। তাঁরা ইতিমধ্যেই হামলার জন্য প্রস্তুত। অমিতাভ ও অভিষেকই ছাড়াও শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে যাঁরা মন্তব্য করবেন, তাঁদেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটির সত্যতা যাচাই করা হয়নি।
আরও পড়ুন: করণের কফি আড্ডায় শাহরুখ-সুহানা! অন্তিম পর্বে থাকছে আরও বড় চমক?
উল্লেখ্য, সম্প্রতি দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল লরেন্স বিশ্নোই গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই সন্দেহভাজন শুটারকে গ্রেফতার করে। ধৃতদের নাম বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং দীপক সিংহ ওরফে দীপ। দু’জনেই পঞ্জাবের বাসিন্দা। পুলিশের অনুমান, মুম্বইয়ে অমিতাভের বাড়ি ‘জলসা’র বাইরে গুলি চালানোর পরিকল্পনায় তাঁদের যোগ রয়েছে। তদন্তকারীদের সন্দেহ, দিল্লির এক ব্যবসায়ীকে লক্ষ্য করেও হামলার ছক কষা হয়েছিল। তবে নতুন করে হুমকির ঘটনায় উঠে এসেছে ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসার প্রসঙ্গও। গোল্ডি ধিলোঁর পোস্টে দাবি করা হয়েছে, ওই হিংসার জন্য যাঁরা দায়ী, তাঁদের ক্ষমা করা হবে না।
অমিতাভের নিরাপত্তা ঘিরে উদ্বেগ নতুন নয়। গত এক মাসে তাঁর মুম্বইয়ের বাড়ি ‘জলসা’কে লক্ষ্য করে তিনটি ভিন্ন বোমা হামলার হুমকি-ইমেল পাঠানোর খবর সামনে এসেছে। এরপর থেকেই বাড়ির নিরাপত্তায় আরও কড়াকড়ি করা হয়। প্রতি রবিবার বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেতা। গত ১ নভেম্বরও অনুরাগীদের শুভেচ্ছা জানাতে বেরিয়েছিলেন তিনি। তবে সেদিন তিনদিক থেকে বুলেটপ্রুফ কাচে ঘেরা সুরক্ষাবেষ্টনীর ভিতরে দাঁড়িয়েই হাত নাড়েন অভিনেতা।
অমিতাভকে ঘিরে অতীতের বিতর্কও উঠে এসেছে। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার সময় একটি মন্তব্য করেছিলেব অভিনেতা। সেই মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। সূত্রের খবর, আগেও খলিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে) অতীতেও এই প্রসঙ্গ তুলে অভিনেতাকে নিশানা করেছে। তাই মনে করা হচ্ছে, সেই পুরনো অভিযোগের সূত্র ধরেই এবার গোল্ডি ধিলোঁর পোস্টে শিখ সম্প্রদায়ের প্রসঙ্গ উঠে এসেছে।
Leave a comment