ইসলামাবাদ: “৭১ বছর বয়সে পৌঁছে এই নিরন্তর অত্যাচার আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমি হয়তো আর জীবিত ফিরতে পারব না!”
রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের অন্ধকার কুঠুরি থেকে দেশের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে লেখা খোলা চিঠিতে এমনই আশঙ্কার কথা জানালেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার, ১৬ নভেম্বর পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট এবং ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা ওই আবেগঘন চিঠিতে ইমরান অভিযোগ করেছেন, জেলে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে।
ন্যূনতম চিকিৎসা পরিষেবাটুকুও তাঁকে দেওয়া হচ্ছে না। শুধু তা-ই নয়, দিনের মধ্যে প্রায় ২২ ঘণ্টা তাঁকে ‘সলিটারি কনফাইনমেন্ট’ বা নির্জন কারাবাসে আটকে রাখা হচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।
চিঠিতে নিজের শারীরিক অবস্থার ভয়াবহ বিবরণ দিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা জানিয়েছেন, গত ১০ নভেম্বর তাঁর রক্তচাপ বিপজ্জনক ভাবে বেড়ে ১৯২ এবং ১৯৩-এ পৌঁছে গিয়েছিল।
এর আগেও তা ১৩০, ১৫০ এবং ১৭০-এর গণ্ডি পেরিয়েছে। চিকিৎসকেরা তাঁকে সতর্ক করে জানিয়েছেন, রক্তচাপ এই ভাবে বাড়তে থাকলে যে কোনও মুহূর্তে ‘ব্রেন হ্যামারেজ’ (মস্তিষ্কে রক্তক্ষরণ) কিংবা হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে। বিচারপতিদের কাছে মানবিক হস্তক্ষেপের দাবি জানিয়ে ইমরানের কাতর আর্জি, “খুব দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন, আমার প্রাণ বাঁচান।”
আরও পড়ুন : বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় নাম লেখালেন প্রধানমন্ত্রী তারেক! সঙ্গে আরও দুই নারী!
নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তিনি জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল মাসে বুশরা বিবির চোখের রেটিনা বিচ্ছিন্ন (রেটিনাল ডিটাচমেন্ট) হয়ে যাওয়ায় এক জটিল অস্ত্রোপচার হয়েছিল।
কিন্তু তার পরেই তাঁকে নির্জন কারাবাসে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে বুশরা বিবি চোখ খুলতে বা দেখতেও পারছেন না। অবিলম্বে আরও একটি অস্ত্রোপচার না করা হলে তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান। এমনকি, বুশরার চিকিৎসার নথিপত্রও আটকে রাখা হয়েছে বলে অভিযোগ।
জেলের অন্দরে চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী লিখেছেন, বাইরের জগতের সঙ্গে তাঁর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বই, টেলিভিশন এমনকি পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে দেখা করার মৌলিক অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে। কোনও কারণ ছাড়াই স্ত্রীর সঙ্গে তাঁর সাপ্তাহিক সাক্ষাৎ বারবার বাতিল করা হচ্ছে।
তাঁর তিন বোনকেও হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দুই ছেলে কাসিম এবং সুলেমানের সঙ্গে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না তাঁকে। সারা বছরে মাত্র চার বার আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি মিলেছে।
উল্লেখ্য, জেল কর্তৃপক্ষের রিপোর্টে ইমরানের স্বাস্থ্যের অবনতির বিষয়টি সামনে আসার পর গত ১৮ অগস্ট সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল। তাতে দু’দিনের মধ্যে ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরিত করা, হৃদরোগ ও চক্ষু বিশেষজ্ঞ-সহ একটি মেডিক্যাল বোর্ড গঠন, পরিবারের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ এবং সপ্তাহে দু’বার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর হয়নি, মামলাটি এখন ফেডারেল কনস্টিটিউশনাল কোর্টে ঝুলে রয়েছে।
চিঠির শেষে ইমরান স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনও বিশেষ অনুগ্রহ বা দাক্ষিণ্য চাইছেন না। তাঁর কথায়, “মাননীয় বিচারপতিদের কাছে আমি কোনও অনুগ্রহ ভিক্ষা করছি না। ন্যায়বিচার হিসেবে আমার একটাই অনুরোধ, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা হোক এবং আমাকে ও আমার স্ত্রীকে উপযুক্ত চিকিৎসার সুযোগ দেওয়া হোক।” আদিয়ালা জেল থেকে লেখা ইমরানের এই চিঠি প্রকাশ্যে আসতেই পাকিস্তানের রাজনীতি ও বিচারব্যবস্থায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে।
Leave a comment