•
Home Top-News প্লাস্টিকের বদলে পিৎজা, চিকেন ফ্রাই! খুদেদের জন্য কী পরিকল্পনা অগ্নিমিত্রার?
Top-Newsকলকাতা

প্লাস্টিকের বদলে পিৎজা, চিকেন ফ্রাই! খুদেদের জন্য কী পরিকল্পনা অগ্নিমিত্রার?

Share
Hidden Stories News
অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: বাংলাকে দূষণমুক্ত করতে বরাবরই সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কখনও বাজারে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করেছেন, কখনও আবার পরিবেশ রক্ষায় নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন। এবার প্লাস্টিক বর্জ্য কমাতে অভিনব উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। কী পরিকল্পনা করেছেন পুরমন্ত্রী?  প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলবে কাপড়ের ব্যাগ। আর এক কেজি প্লাস্টিক বর্জ্য জমা দিলে হাতে আসবে আস্ত একটি পিৎজা! তবে অর্ধেক পরিমাণ প্লাস্টিক জমা দিলেও রয়েছে পুরস্কার। এর জন্য পাওয়া যাবে চিকেন ফ্রাই।

মূলত ছোটদের পরিবেশ রক্ষার পাঠ পড়াতেই এই অভিনব উদ্যোগের কথা ভেবেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যে প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বর্জ্য সংগ্রহে নতুন প্রজন্মকে উৎসাহিত করতেই এই বিশেষ পদক্ষেপ। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, কোনও শিশু এক কেজি প্লাস্টিক বর্জ্য জমা দিলে তার বিনিময়ে একটি পিৎজা পাবে। অন্যদিকে, আধ কেজি প্লাস্টিক জমা দিলেই পেয়ে যাবে চিকেন ফ্রাই। প্লাস্টিকের বোতল থেকে শুরু করে এই তালিকায় রয়েছে ভাঙা চেয়ার, টেবিলের মতো প্লাস্টিকের সামগ্রীও। ছোটদের পছন্দের খাবারকে পুরস্কার হিসেবে ব্যবহার করে তাদের পরিবেশ দূষণমুক্ত রাখার কাজে যুক্ত করতে চাইছে সরকার।

আরও পড়ুন: বাগদানের ঘোষণা দেবাংশুর, হবু জীবনসঙ্গীকে চেনেন?

পাশাপাশি রাজ্যজুড়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের জন্য বিশেষ ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনাও রয়েছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীন ‘সুডা’-র মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত করার কথা ভাবা হচ্ছে। ওই মেশিনে টাকা অথবা ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলবে কাপড়ের ব্যাগ। এর ফলে একদিকে প্লাস্টিকের ব্যবহার কমানো পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহারও বাড়বে। এর আগে এই ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন অগ্নিমিত্রা পাল।

প্লাস্টিক বর্জ্য ছাড়াও পুরোনো পোশাকের পুনর্ব্যবহার নিয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। বাতিল জামাকাপড় ফেলে না দিয়ে সেগুলি সংগ্রহ করে নতুন সামগ্রী তৈরির পরিকল্পনা রয়েছে। সেই উদ্দেশ্যে গড়ে তোলা হবে দুটি রিসাইক্লিং কেন্দ্র। সাধারণ মানুষ সেখানে তাঁদের পুরোনো পোশাক জমা দেবেন। প্রক্রিয়াকরণের মাধ্যমে সেগুলি দিয়ে নতুন ব্যবহারযোগ্য সামগ্রী তৈরি করা হবে। পরে সেই জিনিসগুলি সংশ্লিষ্ট কেন্দ্রের দোকান থেকেই বিক্রির পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, শহরের দরিদ্র ও পরিশ্রমজীবী মানুষের কথা মাথায় রেখেও একাধিক পরিকল্পনা করা হয়েছে। দুপুরে অন্তত একবেলা তাঁরা যাতে পেট ভরে পুষ্টিকর খাবার খেতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত মালিকানাধীন পুকুরগুলির সংস্কার ও সৌন্দর্যায়নের দিকেও নজর দিতে চাইছে সরকার। এ ক্ষেত্রে প্রয়োজনীয় অনাপত্তিপত্র বা এনওসি পাওয়ার শর্তে উন্নয়নের কাজ করা হবে। সূত্রের খবর, আসানসোলের ছিন্নমস্তা পুকুরের সংস্কার এবং সংলগ্ন এলাকার সৌন্দর্যায়নের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *