•
Home Top-News বিজেপির আদি বনাম নব্যর লড়াইয়ে তিতিবিরক্ত সাংসদ থেকে বিধায়ক
Top-Newsকলকাতাপশ্চিমবঙ্গ

বিজেপির আদি বনাম নব্যর লড়াইয়ে তিতিবিরক্ত সাংসদ থেকে বিধায়ক

Share
ফাইল ছবি
Share

কলকাতা: বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দল থামাতে সম্প্রতি কড়া বার্তা দিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীকের সেই কড়া বার্তাই সার। উত্তর ২৪ পরগনার পানিহাটি থেকে বনগাঁ, এমনকী ব্যারাকপুর, সর্বত্রই প্রকাশ্যে চলে এল পদ্মশিবিরের গোষ্ঠীকোন্দল ও ক্ষমতার লড়াই। 

এক দিকে, পানিহাটিতে দলেরই একাংশের হাতে আক্রান্ত হয়ে সক্রিয় বিজেপি কর্মী অরূপ সাহার মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়ে স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ আক্ষেপ করলেন, “বিজেপি ক্ষমতায় না এলেই বোধহয় ভাল হত।” অন্য দিকে, রবিবারে বনগাঁর ‘মিলন উৎসব’-এর মঞ্চ থেকে দলের অভ্যন্তরীণ বিভাজন এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে রীতিমতো রণংদেহী মেজাজে দেখা গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে। তাঁর সাফ হুঁশিয়ারি, “তৃণমূলের সবক’টা সন্ত্রাসীকে গ্যারেজে না ঢোকানো পর্যন্ত আমি রাজনীতি থেকে ইস্তফা দেব না।”

শনিবার রাতে পানিহাটিতে এক ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে দলেরই ‘নব্য’ কর্মীদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিজেপি কর্মী অরূপ সাহার। মৃতের স্ত্রী তথা পানিহাটি-১ মণ্ডলের সম্পাদক রুমা সাহার অভিযোগ, ভোটের পর তৃণমূল থেকে বিজেপিতে আসা যুবকরাই এই হামলা চালিয়েছে।

রবিবার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে নিজের মেয়েকে (আরজি করের নির্যাতিতা) হারানোর যন্ত্রণার কথা টেনে কান্নায় ভেঙে পড়েন পানিহাটির বিধায়ক রত্না। মৃতের সন্তানদের দিকে তাকিয়ে তিনি বলেন, “এই ফ্যামিলির জন্য আমিই দায়ী। আমার মনে হচ্ছে, বিজেপি যদি না জিতত তা হলেই বোধহয় ভাল হত। এদের বাবা চলে গেল, আমার মেয়েটা চলে গেল…।”

আরও পড়ুন : শাসকের গোষ্ঠী ‘কোন্দল’! পানিহাটিতে বলি এক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান রত্না

রত্নার নিশানায় সরাসরি বিজেপির উত্তর কলকাতা শহরতলির সভাপতি চণ্ডীচরণ রায় এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের অনুগামীরা। রত্নার অভিযোগ, জেলা সভাপতি ২৯টি ওয়ার্ডেই নিজের পছন্দমতো লোক বসিয়েছেন, যাঁদের অধিকাংশই তৃণমূল থেকে আসা।

পাশাপাশি, নির্মল ঘোষ জেল থেকে ছাড়া পাওয়ার পর এলাকায় ফের সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি। যদিও রত্নার এই মন্তব্যকে ‘একজন সন্তানহারা মায়ের যন্ত্রণা’ হিসেবেই ব্যাখ্যা করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু। তাঁর আশ্বাস, দল দোষীদের আড়াল করবে না, পুলিশ তদন্ত করছে।

পানিহাটির ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবারে ব্যারাকপুরে দলেরই কর্মীদের বিক্ষোভ ও ‘চোর চোর’ স্লোগানের মুখে পড়েন বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী। ক্ষুব্ধ কৌস্তুভের তোপ, “যেটা ব্যারাকপুরে হচ্ছে, সেটাই পানিহাটিতে হচ্ছে। তৃণমূলের দুষ্কৃতীরা গেরুয়া বসন পরে বিজেপি হয়ে সন্ত্রাস চালাচ্ছে। দুর্ভাগ্য হল, তাদের মদত দিচ্ছে আমাদের বিজেপিরই কিছু নেতা।”

ঠিক একই সুর শোনা গিয়েছে বনগাঁয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের গলাতেও। রবিবার বিকেলে নীলদর্পণ অডিটোরিয়ামে তাঁর উদ্যোগে আয়োজিত ‘মিলন উৎসব’-এ গরহাজির ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং জেলা সভাপতি নৃপেন বিশ্বাস। তাঁদের অনুপস্থিতি দলের বিভাজনকে আরও স্পষ্ট করে দেয়। 

মঞ্চ থেকে শান্তনু বলেন, “এখানে বিজেপির কর্মীরা মার খাচ্ছেন, আর যাঁরা মারছেন তাঁরাও বিজেপি! কিছু মানুষ ক্ষমতা ব্যবহার করে কর্মীদের উপর হাতিয়ার চালাচ্ছেন। আমি বেঁচে থাকতে এটা হতে দেব না।” পুলিশ প্রশাসন কয়েক জন নেতার কথায় চলছে বলে অভিযোগ তুলে ‘প্রশাসনকে শিক্ষা দিয়ে ছাড়ার’ হুঁশিয়ারিও দেন তিনি। সব মিলিয়ে, ভোটের পর দল ভারী করতে গিয়ে যে ‘নব্য’ নেতাদের ঘরে তুলেছিল বিজেপি, ছ’মাসের মাথায় তাঁরাই এখন শাসকদলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *