কাশীপুর: রাজ্যে এখনও পর্যন্ত পাঁচটি এনকাউন্টারের মধ্যে তিনটি ছিল নারী নির্যাতনের ঘটনা। একবার একাধিকবার বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারির সুরে বলতে শোনা যাচ্ছে, মা-বোনেদের সম্মান তাঁর এবং তাঁর সরকারের কাছে অগ্রাধিকার। তার পরেও কি রোখা যাচ্ছে বাংলার মা-বোনেদের সম্মান? রাজ্যেকে এই প্রশ্নের সামনেই এবার দাঁড় করিয়ে দিল পুরুলিয়া।
গ্রামে সাঁওতালি যাত্রাপালার আসরে ডেকে নিয়ে গিয়ে ১৭ বছরের নাবালিকা প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল খোদ প্রেমিক ও তার বন্ধুদের বিরুদ্ধে! গত রবিবার গভীর রাত থেকে সোমবার ভোরের মধ্যে এই নারকীয় ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুর থানা এলাকার একটি গ্রামে।
ঘটনার পর সোমবার সকালে নির্যাতিতা কিশোরীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ এবং পকসো (POCSO) আইনে মামলা রুজু করেছে কাশীপুর থানার পুলিশ। তদন্তে নেমে এ দিনই মূল অভিযুক্ত প্রেমিক-সহ চার যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজে এলাকায় জোরদার তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে কাশীপুর থানার ওই গ্রামে সাঁওতালি যাত্রাপালার আসর বসেছিল। ভোররাত পর্যন্ত সেই যাত্রাপালা চলে। অভিযোগ, ওই গ্রামেরই এক যুবক তার নাবালিকা প্রেমিকাকে যাত্রা দেখার জন্য আসরে ডেকে পাঠায়। পরিচিতের আমন্ত্রণে সেখানে গিয়েছিল ওই আদিবাসী কিশোরী। যাত্রা চলাকালীন গল্প করার নাম করে ভিড় থেকে কিশোরীকে গ্রামেরই একটি নির্জন ও ফাঁকা জায়গায় নিয়ে যায় তার প্রেমিক। সেই সময় তার সঙ্গে ছিল আরও পাঁচ বন্ধু।
আরও পড়ুন : আত্মরক্ষায় রতনকে গুলি! দাবি বীরভূম পুলিশের, ক্ষোভ পরিবারের
অভিযোগ, নির্জন জায়গায় নিয়ে গিয়ে প্রথমে প্রেমিক ওই কিশোরীকে ধর্ষণ করে। এর পরে তার আরও দুই বন্ধু নাবালিকার উপর পাশবিক যৌন নির্যাতন চালায়। ঘটনাস্থলে উপস্থিত বাকি তিন যুবক সরাসরি ধর্ষণ না করলেও, তারা কিশোরীর শ্লীলতাহানি করে এবং গোটা ঘটনায় মদত জোগায় বলে অভিযোগ। কোনও মতে দুষ্কৃতীদের কবল থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে আসে রক্তাক্ত ও আতঙ্কিত কিশোরী। সোজা যাত্রা কমিটির আয়োজকদের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে সে। আয়োজকদের তরফেই খবর দেওয়া হয় নির্যাতিতার পরিবারকে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন কিশোরীর বাবা ও পরিবারের সদস্যেরা। সোমবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে কাশীপুর থানায় গিয়ে ছয় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। অভিযোগ পাওয়া মাত্রই সক্রিয় হয় জেলা পুলিশ।
দ্রুত অভিযান চালিয়ে ওই গ্রাম থেকেই চার অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। ধৃতদের নাম সুদীপ মান্ডি (২১), রাজেশ মান্ডি (১৯), সাগুন মুর্মু (১৮) এবং মেঘনাদ মান্ডি (১৮)। ধৃতেরা সকলেই ওই গ্রামেরই বাসিন্দা। বাকি দুই অভিযুক্ত পলাতক, তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে পুলিশ।
সোমবারই নির্যাতিতা নাবালিকার শারীরিক ও মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে পুরুলিয়ার জঙ্গলমহলের ওই গ্রামে। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর নারী নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ রুখতে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।
ইতিমধ্যেই ধর্ষণে অভিযুক্তদের বিরুদ্ধে তিনটি ভিন্ন ঘটনায় পুলিশের ‘এনকাউন্টার’-এর নজিরও সামনে এসেছে। কিন্তু পুলিশের এত কড়া পদক্ষেপ এবং লাগাতার হুঁশিয়ারির পরেও যে অপরাধীদের দৌরাত্ম্য পুরোপুরি থামানো যায়নি, কাশীপুরের এই ঘটনা ফের এক বার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Leave a comment