•
Home Top-News উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনার কবলে পশ্চিমবঙ্গের বাসিন্দা, নদীখাদে পড়ে মৃত কমপক্ষে আট
Top-Newsদেশ

উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনার কবলে পশ্চিমবঙ্গের বাসিন্দা, নদীখাদে পড়ে মৃত কমপক্ষে আট

Share
উত্তরাখণ্ডের নদীতে বাস। ছবি : এক্স
Share

দেরাদুন: ভোরের আলো ফোটার আগেই ভয়াবহ পথদুর্ঘটনায় রক্তাক্ত হল দেবভূমি উত্তরাখণ্ড। 

মঙ্গলবার সকালে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কের উপর তেহরি গড়ওয়াল জেলার গুলার বাজার সংলগ্ন একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার নীচে খরস্রোতা নদীখাতে আছড়ে পড়ল ৩৪ জন যাত্রীবোঝাই একটি বাস। 

মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। গুরুতর জখম হয়েছেন ২৬ জন যাত্রী, যাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা, ঝাড়খণ্ড, বিহার এবং অসমের বাসিন্দারাও রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং পুলিশ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ‘বিশ্বনাথ সেবা’ পরিচালিত ওই বেসরকারি বাসটি মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশে রওনা দিয়েছিল। বাসটিতে প্রায় ৩৪ জন যাত্রী ছিলেন। গুলার বাজারের কাছে একটি সেতু পার হওয়ার সময় আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান এবং রেলিং ভেঙে বাসটি সোজা ১০০ মিটার গভীর খাদে নদীগর্ভে গিয়ে পড়ে। দুমড়ে-মুচড়ে যায় বাসটির কাঠামো। সাতসকালে বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর পাওয়া মাত্রই ব্যাসি এবং ঢালওয়ালায় মোতায়েন থাকা এসডিআরএফ-এর দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে কমান্ড্যান্ট অর্পণ যদুবংশীর নির্দেশে আরও অতিরিক্ত বাহিনী পাঠানো হয়।

 

ঘটনাস্থলে ছুটে যান তেহরি গড়ওয়ালের জেলাশাসক নীতিকা খান্ডেলওয়াল, এসএসপি শ্বেতা চৌবে এবং জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক ব্রিজেশ ভট্ট। দড়ি ও স্ট্রেচারের সাহায্যে খাদ থেকে আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে ঋষিকেশের বিভিন্ন হাসপাতাল এবং ঋষিকেশ এইমস-এ পাঠানো হয়েছে।

প্রশাসনের তরফে ২৬ জন আহত যাত্রীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী, জখমদের মধ্যে কলকাতার বাসিন্দা যেমন রয়েছেন, তেমনই ঝাড়খণ্ডের দুমকা, বিহারের পটনা ও জেহানাবাদ, অসমের গুয়াহাটি, দিল্লি, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের যাত্রীরাও রয়েছেন। 

উত্তরাখণ্ডের হলদোয়ানি, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, জসপুর, খাটিমা এবং পিথোরাগড়ের বাসিন্দারাও ছিলেন ওই বাসে। আহতদের তালিকায় গুয়াহাটির ৩ বছরের এক শিশুকন্যা এবং হলদোয়ানির ৬৪ বছর বয়সি এক বৃদ্ধাও রয়েছেন। এ ছাড়া, এক অজ্ঞাতপরিচয় যাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। দুর্ঘটনাস্থল থেকে তাঁর কোনও পরিচয়পত্র মেলেনি।

অন্য দিকে, এই বাস দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই সোমবার সন্ধ্যায় আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায়। বাঁশওয়াড়া-কান্ডারা মোটর রোডে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে গ্রামে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায় ১০ জন যাত্রীবোঝাই একটি বোলেরো গাড়ি। ওই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং ৬ জন গুরুতর জখম হয়েছেন। রাতের অন্ধকার এবং খাড়া পাথুরে ঢাল পেরিয়ে ডিডিআরএফ, এসডিআরএফ এবং পুলিশ যৌথ ভাবে স্ট্রেচারে করে আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরপর দু’টি বড় দুর্ঘটনায় পাহাড়ি রাস্তায় যান চলাচলের নিরাপত্তা ও চালকদের সতর্কতা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *