চেন্নাই: যে অধ্যায়টা শেষ হতেই চাইছিল না, অবশেষে তাতে যবনিকা পড়ল।
হলুদ জার্সি গায়ে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে আর বাইশ গজে ব্যাট হাতে নামতে কিংবা উইকেটের পিছনে দাঁড়িয়ে বিদ্যুৎগতিতে স্টাম্পিং করতে দেখা যাবে না মহেন্দ্র সিংহ ধোনিকে। প্রায় দু’দশকের বর্ণময় খেলোয়াড়-জীবনে ইতি টেনে আইপিএল থেকে অবসর ঘোষণা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
তবে চেন্নাইয়ের সঙ্গে তাঁর আত্মিক বন্ধন অটুটই থাকছে। রিটেনশন ডেডলাইনের দিন ফ্র্যাঞ্চাইজির তরফে সরকারি ভাবে জানানো হয়েছে, আগামী ২০২৭ মরশুমে সিএসকে-র ‘টিম মেন্টর’ হিসেবে নতুন ইনিংস শুরু করবেন ধোনি। কয়েক সপ্তাহ আগেই চেন্নাইয়ের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন জহির খান। এ বার জহির ও ধোনির যুগলবন্দিতেই নতুন প্রজন্মের দল গড়ার পথে হাঁটল পাঁচ বারের চ্যাম্পিয়নেরা।
২০০৮ সালে আইপিএলের জন্মলগ্ন থেকেই চেন্নাই সুপার কিংসের সমার্থক হয়ে উঠেছিলেন ধোনি। চিপকের গ্যালারির ‘থালা’ ডাক আর ধোনির হেলিকপ্টার শট, ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকনিক দৃশ্যে পরিণত হয়েছিল।
ধোনির অবসরের পর আবেগঘন বিবৃতিতে সিএসকে মালিক এন শ্রীনিবাসন বলেন, “এমএস ধোনি ছাড়া সিএসকে হয় না। প্রায় দু’দশক ধরে জয়, পরাজয় ও সমস্ত ওঠাপড়ার মধ্যে দিয়ে আমরা একসঙ্গে পথ চলেছি। ২০০৮ সালে ওকে দলে নেওয়ার সিদ্ধান্তই আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। আমাদের সম্পর্ক এতটা মজবুত কারণ আমরা একে অপরের উদ্দেশ্য নিয়ে কখনও প্রশ্ন তুলিনি।”
আরও পড়ুন : বিশ্বকাপের আগেই কি বিদায়? কিউই মাটিতে ধারাবাহিক ব্যর্থতার পর প্রশ্ন রোহিতের সামনে
পরিসংখ্যান ধোনির মহত্ত্বের কেবল একটা দিক তুলে ধরে। তাঁর নেতৃত্বেই ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩, পাঁচ বার আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই, যা মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুগ্ম ভাবে সর্বোচ্চ। এ ছাড়া ২০১০ ও ২০১৪ সালে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও জিতিয়েছেন তিনি।
তাঁর অধিনায়কত্বে ১০ বার আইপিএল ফাইনাল খেলেছে সিএসকে। ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই নির্বাসিত থাকাকালীন দু’মরশুম রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়ে খেললেও, ২০১৮-তে প্রত্যাবর্তনের মরশুমে ফের চেন্নাইকে চ্যাম্পিয়ন করেন ধোনি।
২০২৩ সালে আমদাবাদের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চম খেতাব জয়ের পর রবীন্দ্র জাডেজাকে কোলে তুলে নেওয়ার মুহূর্তটিই হতে পারত তাঁর বিদায়বেলার শ্রেষ্ঠ ফ্রেম। কিন্তু ভক্তদের ভালোবাসায় হাঁটুর অস্ত্রোপচার করিয়েও খেলা চালিয়ে গিয়েছিলেন মাহি।
২০২৪ মরশুমে ১১ ইনিংসে ২২০.৫৪ স্ট্রাইক রেটে ১৬১ রান করে নিজের ফিনিশিং দক্ষতার প্রমাণ দিয়েছিলেন। ২০২৫ সালে রুতুরাজ গায়কোয়াড় চোট পেলে ফের নেতৃত্বের ব্যাটন হাতে তুলে নেন, ১৪ ম্যাচে ১৯৬ রানও করেন, যদিও সে বার পয়েন্ট তালিকার তলানিতে শেষ করেছিল চেন্নাই।
গত ২০২৬ সালে স্কোয়াডে থাকলেও ফিটনেস সমস্যার কারণে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি ৪৫ বছর বয়সি ধোনি। বয়স এবং শরীরের ধকল সামলে আর এক মরসুম খেলা যে সম্ভব নয়, তা বুঝেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
আইপিএলে মোট ২৭৮টি ম্যাচে ৩৮.৩০ গড় এবং ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ৫,৪৩৯ রান করে কেরিয়ার শেষ করলেন ধোনি (যার মধ্যে সিএসকে-র হয়ে ২৭২ ম্যাচে ৫,৩১৪ রান)। ঝুলিতে রয়েছে ২৪টি অর্ধশতরান, ২৬৪টি ছক্কা এবং ৩৭৫টি চার।
সিএসকে মালিক রূপা গুরুনাথ এবং ম্যানেজিং ডিরেক্টর কেএস বিশ্বনাথনের কথায়, “মাঠ ও মাঠের বাইরে ধোনি যা দিয়েছেন, তা অপরিমেয়। ট্রফি জয়ের পাশাপাশি যে ভাবে ও দলকে জিতিয়েছে, সেটাই ওর আসল উত্তরাধিকার।” খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও, মেন্টর ধোনির ক্ষুরধার মস্তিষ্ক যে আগামী দিনেও চেন্নাই শিবিরের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে, তা বলাই বাহুল্য।
Leave a comment