•
Home খেলা চার পেসারেই ভারত! অধিনায়কত্ব যেন প্রধানমন্ত্রিত্ব, রসিক শুভমন
খেলা

চার পেসারেই ভারত! অধিনায়কত্ব যেন প্রধানমন্ত্রিত্ব, রসিক শুভমন

Share
ওয়েলিংটনে টেস্টের আগে দু দল। ছবি : বিসিসিআই
Share

ওয়েলিংটন: ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্ব যেন প্রধানমন্ত্রীর গদি সামলানোর মত। 

নিউজিল্য়ান্ডের মাঠে প্রথম টেস্টের আগে সংবাদমাধ্যমের সঙ্গে এমনই রসিকতা করতে দেখা গেল ভারত অধিনায়ক শুভমন গিলকে। এক প্রশ্নের জবাবে শুভমন বললেন, “খুব একটা চাপ নেই, শুধু ম্যাচ জিততে থাকলেই হল!” অধিনায়কের এই রসিকতায় হাসির রোল ওঠে গোটা প্রেক্ষাগৃহে।

ভারত ও নিউ জিল্যান্ডের ক্রীড়া সম্পর্কের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে মঙ্গলবার ওয়েলিংটনে ভারতীয় হাই কমিশনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গিল। সেখানে সঞ্চালক নিউ জিল্যান্ডের একটি জনপ্রিয় রসিকতার প্রসঙ্গ টেনে বলেন, সে দেশে প্রধানমন্ত্রীর চেয়েও বেশি চাপ থাকে ‘অল ব্ল্যাকস’ রাগবি দলের অধিনায়কের উপর। 

ভারতের ক্ষেত্রেও কি বিষয়টি ঠিক তা-ই? প্রশ্ন শুনেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাসতে দেখা যায় ভারত অধিনায়ককে। আগামী বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হচ্ছে ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যে দু’ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ নভেম্বর, ক্রাইস্টচার্চে। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই সিরিজ থেকে অন্তত একটি, সম্ভব হলে দু’টি টেস্টই জিততে হবে ভারতকে। ফলে কিউয়িদের সবুজ পিচে শুভমনের নেতৃত্বের বড়সড় পরীক্ষা হতে চলেছে। 

তবে ২০২৫ সালে রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে টেস্ট অধিনায়কের দায়িত্ব নেওয়া গিল জানিয়ে দিলেন, পূর্বসূরিদের আকাশছোঁয়া প্রত্যাশার ভার তিনি বয়ে বেড়াচ্ছেন না। তাঁর কথায়, “আমি কোনও বাড়তি চাপ অনুভব করছি না। ওঁরা আমাদের জন্য পথ তৈরি করে দিয়েছেন। এখন আমাদের পালা সেই পথে হাঁটার এবং ওঁদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার।” 

আরও পড়ুন : বাইশ গজে ‘থালা’ অধ্যায়ের ইতি! আইপিএলকে বিদায় ধোনির, এবার নতুন ভূমিকায়

বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীরের মতো অভিজ্ঞ ব্যক্তিত্বদের পাশে পাওয়াটা দলের কাছে বড় আশীর্বাদ বলেও উল্লেখ করেছেন তিনি।

অন্য দিকে, প্রথম টেস্টের আগে ঋষভ পন্থের ফিটনেস নিয়ে যে জল্পনা চলছিল, এ দিন সাংবাদিক বৈঠকে তা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। সম্প্রতি ইরানি কাপে অবশিষ্ট ভারতের হয়ে খেলার সময় পাঁজরে চোট (‘সাইড স্ট্রেন’) পেয়েছিলেন পন্থ। 

এমনকি, সেন্টার অফ এক্সেলেন্স (সিওই) থেকে ‘রিটার্ন টু প্লে’ শংসাপত্র না মেলায় ভারত ‘এ’ দলের হয়ে আনঅফিশিয়াল টেস্টেও খেলতে পারেননি তিনি। তা সত্ত্বেও পন্থের উপর পূর্ণ আস্থা রাখছেন গিল। তাঁর সাফ কথা, “পন্থের ফিটনেস নিয়ে কোনও উদ্বেগ নেই। ও দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। প্রায় ৫০টির মতো টেস্ট খেলে ফেলেছে।”

২৯ বছরের পন্থ ৫২টি টেস্টে ৪৩-এর বেশি গড়ে ৮টি শতরান ও ২১টি অর্ধশতরান করেছেন। বিদেশের মাটিতে তাঁর রেকর্ড ঈর্ষণীয়। ‘সেনা’ (SENA) দেশগুলির মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যেই টেস্ট শতরান রয়েছে পন্থের। 

বাকি রয়েছে কেবল নিউ জিল্যান্ড। গিল মনে করিয়ে দিয়েছেন, ২০২০ সালে নিউ জিল্যান্ড সফরের অভিজ্ঞতা রয়েছে পন্থের এবং এই সিরিজে শতরান করে বৃত্ত পূরণ করতে মরিয়া হয়ে থাকবেন তিনি।

পাশাপাশি, ওয়েলিংটনের পরিবেশের কথা মাথায় রেখে প্রথম টেস্টে চার পেসার খেলানোর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন শুভমন। চোট সারিয়ে বোলিং আক্রমণকে নেতৃত্ব দিতে ফিরছেন জসপ্রীত বুমরাহ। তাঁর সঙ্গী হওয়ার দৌড়ে রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অংশুল কম্বোজ। সঙ্গে থাকবেন এক জন বিশেষজ্ঞ স্পিনার। 

মাঠের বাইরের ব্যস্ততা ভুলে নিউ জিল্যান্ডের ক্যাফেতে কফি খাওয়া এবং নির্জন রাস্তায় হাঁটাহাঁটি করে দলের ক্রিকেটারেরা যে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন, তা-ও জানিয়েছেন অধিনায়ক। এখন দেখার, মাঠের বাইরে এই ফুরফুরে মেজাজ বাইশ গজে কিউয়ি-বধের রসদ জোগাতে পারে কি না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *