নয়াদিল্লি: প্রবল বৃষ্টি, কাদামাখা ভারী মাঠ এবং প্রতিপক্ষের অখেলোয়াড়োচিত আচরণ!
যাবতীয় প্রতিকূলতাকে স্রেফ ফুটবলের দাপটে উড়িয়ে দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা অর্জন পর্বে অপরাজিত থাকার ধারা বজায় রাখল ভারত। মঙ্গলবার গ্রুপ ‘ই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে প্যালেস্টাইনকে ৪-১ গোলে বিধ্বস্ত করল কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর তরুণ ব্রিগেড।
এই দুরন্ত জয়ের সুবাদে ইতিহাসে একাদশ বারের জন্য অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে খেলার একদম দোরগোড়ায় পৌঁছে গেল ‘ব্লু কোল্টস’রা। গ্রুপের শেষ ম্যাচে আয়োজক দেশ মালয়েশিয়ার বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট পেলেই মূলপর্বের টিকিট নিশ্চিত হয়ে যাবে ভারতের। এমনকী, দিনের অপর ম্যাচে মালয়েশিয়া যদি গুয়ামকে হারাতে ব্যর্থ হয়, তবে মঙ্গলবারই যোগ্যতা অর্জন করে ফেলবে ভারতীয় দল।
মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ভারত। তার ফল মেলে মাত্র আট মিনিটেই। ভারত অধিনায়ক দাল্লালমুন গাংতের প্রবল চাপে (প্রেসিং) পড়ে নিজেদের গোলরক্ষককে অত্যন্ত দুর্বল ব্যাক-পাস দিয়ে বসেন প্যালেস্টাইনের মহম্মদ জামহুর।
সেই সুযোগ কাজে লাগিয়ে ক্ষিপ্র গতিতে বল ধরে বক্সের মধ্যে নিখুঁত পাস বাড়ান হৃষীকেশ মানবতী। দৌড়ে এসে চোখের পলকে বল জালে জড়িয়ে ভারতকে ১-০ গোলে এগিয়ে দেন কামগৌহাও ডুঙ্গেল। শুরুতেই এমন ভুলে গোল হজম করে রীতিমতো হতাশ ও দিশাহারা দেখায় প্যালেস্টাইন রক্ষণভাগকে।
তবে ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্যালেস্টাইনকে সমতায় ফেরান তাদের অধিনায়ক ইয়াজান খলিফা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলেই। এর পরই নামে প্রবল বর্ষণ। মাঠ জলমগ্ন হয়ে পড়ায় এবং খেলার অনুপযুক্ত হয়ে যাওয়ায় ম্যাচ সাময়িক ভাবে স্থগিত রাখতে বাধ্য হন রেফারি। দু’ঘণ্টারও বেশি সময় সাজঘরে অপেক্ষা করতে হয় দু’দলের ফুটবলারদের।
বৃষ্টি থামার পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই মাঠের দখল পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় মেহরাজউদ্দিনের ছেলেরা। ৫২ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে ভারতকে ফের এগিয়ে দেন মুকুন্দ সিং নিংথৌজাম। এর সাত মিনিট পরেই, অর্থাৎ ৫৯ মিনিটে দুরন্ত গোল করে ব্যবধান ৩-১ করেন অধিনায়ক দাল্লালমুন গাংতে।
পিছিয়ে পড়ে মেজাজ হারাতে শুরু করেন প্যালেস্টাইনের ফুটবলারেরা। মাঠে একাধিক অপ্রীতিকর ঘটনাও ঘটে। প্যালেস্টাইনের এক ফুটবলার ভারত অধিনায়কের উদ্দেশে কুরুচিকর অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ।
পাশাপাশি, বিপজ্জনক ফাউল করার অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় প্যালেস্টাইনের এক খেলোয়াড়কে। দশ জনের প্রতিপক্ষকে পেয়ে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় ভারত। ম্যাচের ৮৯ মিনিটে প্যালেস্টাইনের কফিনে শেষ পেরেকটি পুঁতে ৪-১ ব্যবধান নিশ্চিত করেন জোরামদিনথারা লালহুনমাউইয়া।
ভারী মাঠ ও দীর্ঘ বিরতির ধকল সামলে যে ভাবে দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে ম্যাচ বের করে আনল ভারতের কিশোরেরা, তাতে উচ্ছ্বসিত ভারতীয় ফুটবল মহল। এখন মালয়েশিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।
Leave a comment