•
Home খেলা আইপিএলে নেই ‘ট্রাভিষেক’! হেডকে বার্তা অভিষেকের
খেলা

আইপিএলে নেই ‘ট্রাভিষেক’! হেডকে বার্তা অভিষেকের

Share
আইপিএল ছাড়লেন হেড। ছবি : এক্স
Share

হায়দরাবাদ: আইপিএলের ইতিহাসে অন্যতম ত্রাস এবং রোমাঞ্চকর ওপেনিং পেয়ার ‘ট্র্যাভিষেক’-এর পথচলা আপাতত থামল। আগামী ২০২৭ আইপিএল মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) জার্সিতে অভিষেক শর্মার সঙ্গে আর ইনিংস ওপেন করতে দেখা যাবে না অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার ট্র্যাভিস হেডকে। 

আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচি এবং পরিবারের সঙ্গে ভারসাম্য বজায় রাখার (ওয়ার্ক-লাইফ ব্যালান্স) জন্য আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হেড। মঙ্গলবার আইপিএল রিটেনশন ডেডলাইনের দিন ফ্র্যাঞ্চাইজির তরফে সরকারি ভাবে হেডকে ‘রিলিজ়’ বা ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

প্রিয় ওপেনিং সঙ্গীর বিদায়ে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভারতের তরুণ বাঁ-হাতি ওপেনার অভিষেক শর্মা। হেডের সঙ্গে জুটি বেঁধেই টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের জাত চিনিয়েছিলেন অভিষেক। মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে হেডের সঙ্গে একটি ছবি শেয়ার করে সংক্ষিপ্ত অথচ হৃদয়স্পর্শী বার্তায় অভিষেক লিখেছেন, “সব কিছুর জন্য ধন্যবাদ হেডি।”

অন্য দিকে, সানরাইজার্স হায়দরাবাদের সমাজমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ট্র্যাভিস হেড জানিয়েছেন, “সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে অবিশ্বাস্য তিনটি বছর কাটানোর পর এই যাত্রার অংশ হওয়া প্রত্যেককে আমার অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাতে চাই। এই সিদ্ধান্ত নেওয়া আমার কাছে অত্যন্ত কঠিন ছিল। কিন্তু আসন্ন আন্তর্জাতিক লক্ষ্য এবং পরিবারের জন্য কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে আরও ভাল ভারসাম্য খুঁজে পাওয়ার গুরুত্বের কথা ভেবে কেরিয়ারের এই পর্যায়ে এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে। একসঙ্গে আমরা যা অর্জন করেছি তার জন্য আমি ভীষণ গর্বিত এবং হায়দরাবাদে কাটানো সময়টুকু চিরকাল মধুর স্মৃতি হয়ে থাকবে।”

আরও পড়ুন: বাইশ গজে ‘থালা’ অধ্যায়ের ইতি! আইপিএলকে বিদায় ধোনির, এবার নতুন ভূমিকায়

২০২৪ সালের আইপিএল নিলামে ৬ কোটি ৮০ লক্ষ টাকায় হেডকে দলে নিয়েছিল হায়দরাবাদ। প্রথম মরশুমেই ১৯১.৫৫ স্ট্রাইক রেটে ৫৬৭ রান করে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি (ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায় হায়দরাবাদ)। 

এর পর ২০২৫ মেগা নিলামের আগে ১৪ কোটি টাকায় তাঁকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজি। ২০২৫ ও ২০২৬ সালে যথাক্রমে ৩৭৪ ও ৪১০ রান করেন হেড। সব মিলিয়ে কমলা জার্সিতে ৪৩টি ম্যাচে ৩২.৯৫ গড় এবং ১৭৬.১৪ স্ট্রাইক রেটে ১,৩৫১ রান করেছেন এই অস্ট্রেলীয় তারকা।

তবে পরিসংখ্যানের বিচারে হেড ও অভিষেকের ‘ট্র্যাভিষেক’ জুটি আইপিএল তথা টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাকরণটাই বদলে দিয়েছিল। হায়দরাবাদের হয়ে ৪২টি ইনিংসে ওপেন করতে নেমে ৪৬.১৪ গড়ে ১,৮৯২ রান যোগ করেছেন দু’জনে। 

যার মধ্যে রয়েছে ছ’টি শতরানের এবং ন’টি অর্ধশতরানের জুটি। হায়দরাবাদের ইতিহাসে ওপেনিং জুটিতে কেবল শিখর ধাওয়ান এবং ডেভিড ওয়ার্নারই তাঁদের চেয়ে বেশি রান করেছেন। কিন্তু বিধ্বংসী মেজাজের নিরিখে ‘ট্র্যাভিষেক’ জুটি অনন্য। আইপিএলের ইতিহাসে ১,০০০ বা তার বেশি রান করা জুটিগুলির মধ্যে ওভারপ্রতি ১২.৪৬ রান রেট নিয়ে শীর্ষে রয়েছেন হেড ও অভিষেক।

হেড সরে দাঁড়ানোয় আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা আইপিএল ২০২৭-এর নিলামে অভিষেক শর্মার জন্য নতুন এবং সমান বিধ্বংসী একজন ওপেনিং সঙ্গী খুঁজে বের করাই এখন সানরাইজার্স হায়দরাবাদ ম্যানেজমেন্টের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *