লন্ডন: জেমস বন্ডকে চেনেন না, এমন মানুষ খুব কমই আছেন। কিন্তু কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড? এই প্রশ্নই অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছিল। অবশেষে দীর্ঘদিনের জল্পনায় ইতি। বিশ্ব সিনেমার অন্যতম জনপ্রিয় চরিত্র এজেন্ট ০০৭-এর ভূমিকায় এবার দেখা যাবে হলিউড তারকা রবার্ট প্যাটিনসনকে। অ্যামাজন এমজিএম স্টুডিওজের তরফে এই ঘোষণা করা হয়েছে। ড্যানিয়েল ক্রেগের পর এবার আইকনিক চরিত্রে নতুনভাবে ধরা দেবেন ‘দ্য ব্যাটম্যান’ তারকা। প্যাটিনসনের নাম প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ভিডিও প্রকাশ করে প্যাটিনসনকে সামনে আনে নির্মাতা সংস্থা। জেমস বন্ডের এই চমক ঘিরে উৎসাহ বেড়েছে দর্শকদের মধ্যে। ভিডিও প্রকাশ করে অন্ধকারের মধ্যে থেকে হাতে পিস্তল নিয়ে এগিয়ে আসতে দেখা যাচ্ছে অভিনেতাকে। ভিডিওর সঙ্গে লেখা, ‘রবার্ট প্যাটিনসন ইজ জেমস বন্ড’। অন্য একটি পোস্টে ছিল ‘আইডেন্টিটি কনফার্মড’ বার্তা। এতদিন ধরে চলা জল্পনা শেষ করে এভাবেই নতুন ০০৭-কে পরিচয় করিয়ে দিল অ্যামাজন।
জেমস বন্ড একটি ঐতিহাসিক চরিত্র। সেখানে অভিনয়ের সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্যাটিনসন। অভিনেতা বলেন, “সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র জেমস বন্ড। ০০৭ (007) হওয়া জীবনের সেরা সম্মান। ডেনিস, অ্যামি, ডেভিড, তানিয়া ও অ্যামাজন এমজিএম স্টুডিওজের ভরসার জন্য কৃতজ্ঞ। স্বপ্ন সত্যি হওয়ার চেয়েও এটা বড়।”
আরও পড়ুন: শীতের যত্নে নতুন মুখ, বোরোপ্লাসের হাত ধরে নতুন ইনিংস মাধুরীর
নতুন বন্ড ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘ডিউন’ এবং ‘অ্যারাইভাল’-এর পরিচালক ডেনিস ভিলনোভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত স্টিভেন নাইট। প্রযোজনা করছেন অ্যামি পাস্কাল ও ডেভিড হেম্যান। আর নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন তানিয়া লাপয়েন্টে। প্যাটিনসনকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভিলনোভ জানিয়েছেন, “অভিনেতার মধ্যে বন্ডের চিরন্তন আকর্ষণের পাশাপাশি রয়েছে একেবারে নতুন ধরনের ব্যক্তিত্ব। তাঁর অভিনয়ের স্বতঃস্ফূর্ততা এবং নতুনভাবে নিজেকে তুলে ধরার ক্ষমতার উপর নির্মাতাদেরও আস্থা রয়েছে।”
বিভিন্ন জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন প্যাটিনসন। হ্যারি পটার সিরিজের ‘সেড্রিক ডিগরি’, ‘টোয়াইলাইট’-এর এডওয়ার্ড কালেন, ‘দ্য ব্যাটম্যান’-এর মতো চরিত্রে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। নজর কেড়েছেন ‘টেনেট’ এবং ‘দ্য লাইটহাউস’-এর মতো ছবিতেও। ফলে এবার জেমস বন্ডের মতো পরিচিত চরিত্রে তাঁর অভিনয় কেমন হয়, তা দেখার অপেক্ষায় দর্শকরা। নেটিজেনদের কারও কাছে এই নির্বাচন বড় চমক। আবার কেউ মনে করছেন, অভিনেতার সাম্প্রতিক কাজই তাঁকে এই চরিত্রের জন্য উপযুক্ত করে তুলেছে।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ ছবির মাধ্যমে জেমস বন্ড হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ড্যানিয়েল ক্রেগ। ২০২১ সালে তাঁকে ‘নো টাইম টু ডাই’ ছবির মাধ্যমে শেষবার এই চরিত্রে দেখা যায়। পাঁচটি ছবিতে বন্ডের ভূমিকায় অভিনয় করেছেন ক্রেগ। এর আগে এই চরিত্রে অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন এবং পিয়ার্স ব্রসনানও। এবার সেই তালিকায় যুক্ত হল রবার্ট প্যাটিনসনের নাম।
Leave a comment