লখনউ: দেশের বিদেশি মুদ্রার ভান্ডার সুরক্ষিত রাখতে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে তৈরি হওয়া অর্থনৈতিক চাপ সামাল দিতে গত মে মাসে দেশবাসীর কাছে এক বছর প্রয়োজন ছাড়া সোনা না কেনার আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর ছ’মাস পর শনিবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের এক সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দাবি করলেন, দেশবাসী তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে সোনা কেনা কমিয়ে দেওয়ার ফলেই বাজারে হলুদ ধাতুর দাম উল্লেখযোগ্য হারে কমেছে এবং আমজনতার বহু টাকা সাশ্রয় হয়েছে।
নিজের এই আবেদনকে ১৯৬৫ সালে তীব্র খাদ্যসঙ্কটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ‘একবেলা উপবাস’ রাখার ঐতিহাসিক ডাকের সঙ্গে তুলনা করে দেশবাসীর এই সংযমের ভূয়সী প্রশংসা করেছেন মোদী।
শনিবার লখনউয়ের গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত ‘পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তন’ (ন্যাশনাল স্কিল কনভোকেশন)-এ বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই মে মাসের সেই আবেদনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আমি দেশবাসীর কাছে অনুরোধ করেছিলাম, এক বছরের জন্য খুব প্রয়োজন না হলে দয়া করে সোনা কিনবেন না। ১৯৬৫ সালে লালবাহাদুর শাস্ত্রীজি যখন একবেলা খাবার না খাওয়ার ডাক দিয়েছিলেন, তখন গোটা দেশ তাঁর কথা মেনে নিয়েছিল। আমার দেশের মানুষের চরিত্র আজও একই রকম রয়েছে। আমার মতো এক সাধারণ মানুষ কম সোনা কেনার অনুরোধ জানিয়েছিলেন, আর দেশবাসী সোনা কেনা কমিয়ে দিয়েছেন। তার ফলেই সোনার দাম কমে গিয়েছে। আজ মানুষ আমাকে বলছেন, ‘মোদীজি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ শুনেছি, আর তাতেই আমাদের টাকা বেঁচে গিয়েছে’।”
প্রধানমন্ত্রীর এই দাবির সপক্ষে বাজারের পরিসংখ্যানও যথেষ্ট ইঙ্গিতবাহী। বাজার বিশেষজ্ঞ ও ‘গুডরিটার্নস’-এর তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী সোনা না কেনার আবেদন জানানোর ঠিক এক দিন আগে অর্থাৎ গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারাট সোনার দাম ছিল প্রতি গ্রামে ১৫,২৫০ টাকা। গত কয়েক মাসে সেই দর ক্রমশ কমতে কমতে বর্তমানে প্রতি গ্রামে ১২,৫২৩ টাকায় নেমে এসেছে। অর্থাৎ প্রতি গ্রামে প্রায় ২,৭২৭ টাকা দর কমেছে সোনার।
আরও পড়ুন : নীতীশের নামে সেতু, উদ্বোধনে গামছা ওড়ালেন মোদী! নামকরণ ঘিরে খোঁচা তেজস্বীর
উল্লেখ্য, গত মে মাসে মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক সংঘাতের জেরে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছিল। এর ফলে ভারতের বিদেশি মুদ্রার ভান্ডারে প্রবল চাপ তৈরি হয়। সেই সঙ্কট মোকাবিলায় হায়দরাবাদের একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে সাত দফা আবেদন জানিয়েছিলেন।
যার মধ্যে জ্বালানির ব্যবহার কমানো, ওয়ার্ক ফ্রম হোম চালু রাখা এবং বিদেশ ভ্রমণ কমানোর পাশাপাশি এক বছর সোনা না কেনার সংকল্প নেওয়ার কথা বলেছিলেন তিনি। পরবর্তীতে সেপ্টেম্বর মাসেও একই আর্জি পুনর্ব্যক্ত করেন মোদী। পাশাপাশি, সোনার আমদানিতে রাশ টানতে মে মাসেই সোনা ও রুপোর উপর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছিল কেন্দ্রীয় সরকার।
সরকারি ও আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যানেও স্পষ্ট যে, শুল্ক বৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর আবেদনের যৌথ প্রভাবে দেশে সোনার চাহিদা ও আমদানিতে বড়সড় ভাটা পড়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তথ্য বলছে, চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে দেশে সরকারি ভাবে সোনার আমদানি প্রায় ৪০ শতাংশ কমে গিয়েছে। গত বছর এই সময়ে যেখানে ৪১.২৪ বিলিয়ন ডলারের সোনা আমদানি হয়েছিল, এ বছর তা নেমে এসেছে ২৪.৭৮ বিলিয়ন ডলারে।
একই ছবি উঠে এসেছে ‘ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল’ (ডব্লিউজিসি)-এর রিপোর্টেও। তাদের তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশে সোনার সার্বিক চাহিদা গত বছরের তুলনায় ২৯ শতাংশ কমে ১৬২ টনে দাঁড়িয়েছে।
এর মধ্যে গয়নার চাহিদা ২০ শতাংশ কমে প্রায় ১০০ টনে নেমে এসেছে। সব মিলিয়ে, উৎসবের মরসুম পেরিয়েও সোনার দরের এই নিম্নমুখী প্রবণতা এবং আমদানি হ্রাসকে নিজের জনসংযোগ ও অর্থনৈতিক কৌশলের বড় সাফল্য হিসেবেই তুলে ধরলেন প্রধানমন্ত্রী।
Leave a comment