25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home খেলা India vs New Zealand 4th T20I: অকল্যান্ডে ইতিহাস গড়ার মুখে ভারত, কোণঠাসা নিউজিল্যান্ড
খেলা

India vs New Zealand 4th T20I: অকল্যান্ডে ইতিহাস গড়ার মুখে ভারত, কোণঠাসা নিউজিল্যান্ড

Share
কোচের থেকে কী বুঝছেন বৈভব? ছবি : বিসিসিআই
Share

অকল্যান্ড: তিন ওভারের পাওয়ারপ্লেতে ১১৮ রান তোলার সেই তাণ্ডব এখনও কিউইদের চোখের সামনে জ্বলজ্বল করছে। ওয়েলিংটনে নিউজিল্যান্ডকে এক প্রকার গুঁড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে পকেটে পুরেছে গম্ভীর-ব্রিগেড। 

শুক্রবার অকল্যান্ডের ঐতিহ্যবাহী ইডেন পার্কে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে নামার আগে ভারতীয় দলের লক্ষ্য কেবল জয় নয়, বরং সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে নেওয়া। অন্যদিকে, চোট-আঘাতে জর্জরিত কিউয়ি দল ঘরের মাঠে অন্তত লড়াই ফিরিয়ে আত্মসম্মান বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাবে।

শুক্রবার ইডেন পার্কের গ্যালারিতে প্রায় ৪০ হাজার দর্শকের সমাগম ঘটতে চলেছে। নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের ক্ষেত্রে যা এক নতুন রেকর্ড। এর আগে ২০১৯ সালে এই মাঠেই পুরুষ ও নারীদের ডাবল হেডারে ৩৬,৫২৩ জন দর্শকের রেকর্ড তৈরি হয়েছিল, যা এ বার ভাঙতে চলেছে। এই ঐতিহাসিক আবহে ভারত কিউয়িদের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার অন্যতম সেরা সুযোগ হাতছাড়া করতে রাজি নয়।

সিরিজ জয়ের পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট চতুর্থ ম্যাচে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর মতো আন্তর্জাতিক মানের রহস্য স্পিনারদের প্রথম একাদশে ফেরাতে পারে। ব্যাটিং গভীরতা বাড়াতে গিয়ে আট নম্বর পর্যন্ত ব্যাটারদের খেলানোর যে কৌশল সাম্প্রতিক সময়ে ভারত নিয়েছে, তা থেকে খানিক সরে এসে অক্ষর প্যাটেল কিংবা দুর্দান্ত ফর্মে থাকা নমন ধীরকে বিশ্রাম দিয়ে কুলদীপকে নামান হতে পারে। 

পরিসংখ্যানেও দেখা যাচ্ছে, নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটার গ্লেন ফিলিপসকে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বার আউট করেছেন অক্ষর এবং ৫টি ইনিংসে ৪ বার ফিরিয়েছেন কুলদীপ। ফলে কুলদীপের একাদশে ফেরার সম্ভাবনা বেশ প্রবল। পেস বিভাগে দীর্ঘ চার বছর পর ফিরে ভুবনেশ্বর কুমার রান কিছুটা গলানোয় এবং মায়াঙ্ক যাদবের জায়গায় সুযোগ পাওয়া প্রিন্স যাদব আলো ছড়ানোয় পেস আক্রমণের দিকেও বিশেষ নজর থাকবে। চোটের কারণে ঈশান কিষাণ অনুপস্থিত থাকলে তরুণ বৈভব সূর্যবংশী ফের অভিষেক শর্মার সঙ্গেই ইনিংস শুরু করবেন।

অন্যদিকে, চোটের কারণে পেস তারকা ম্যাট হেনরি ও লকি ফার্গুসন ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ডের পেস আক্রমণ পুরোপুরি ভোঁতা হয়ে পড়েছে। ভারত এ পর্যন্ত কিউয়িদের বিরুদ্ধে ৩৪টি টি-টোয়েন্টির মধ্যে ২২টিতে জিতেছে। যার মধ্যে কিউয়ি মাটিতেই শেষ ১০টি ম্যাচের ৯টিতে জিতেছে নীল-জার্সিধারীরা। 

অধিনায়ক মিচেল স্যান্টনার কিছুটা লড়াই চালালেও ভারতের টপ অর্ডার, বিশেষ করে অবিশ্বাস্য ফর্মে থাকা অভিষেক শর্মাকে আটকানোর কোনও দাওয়াই খুঁজে পাচ্ছে না কিউয়ি শিবির। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে ২০.০৬ স্ট্রাইক রেটে রান তোলা অভিষেক কিউয়ি পেসারদের কার্যত নিশানা করে নিচ্ছেন।

অকল্যান্ডের ইডেন পার্ক ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য আর বোলারদের কাছে চরম নিষ্ঠুর এক মঞ্চ। সেই ছোট বাউন্ডারির ইডেন পার্কে কিউয়ি বোলিং লাইনআপ উড়িয়ে ভারত ৪-০ ব্যবধানে এগিয়ে যায়, নাকি ঘরের মাঠে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড, এখন সে দিকেই তাকিয়ে বিশ্ব ক্রিকেট।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *