ঢাকা: শুটিংয়ের ক্যানভাস ছেড়ে ফের বাস্তবের রূঢ় আদালতে এসে আইনি ফ্যাসাদে ফেঁসেছেন বাংলাদেশের আলোচিত ও গ্ল্যামারাস নায়িকা পরীমণি। আদালতের বারান্দা থেকে শুরু করে সংবাদমাধ্যমের পাতা সর্বত্রই এখন সমালোচনার ঝড়।
চট্টগ্রামের আদালতে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া এক সাংবাদিকের সঙ্গে চরম দুর্ব্যবহার, তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং ক্যামেরা বন্ধ করতে বাধ্য করার মতো গুরুতর অভিযোগে ফুঁসছে গোটা গণমাধ্যম জগৎ।
ঘটনার প্রতিবাদে শনিবার চট্টগ্রামের রাজপথে খোদ নায়িকার ছবি পায়ের তলায় পিষে জুতো ছুড়ে অভিনব ও তীব্র বিক্ষোভ দেখালেন সাংবাদিক সমাজের একটি বড় অংশ। অবিলম্বে সর্বসমক্ষে নিঃশর্ত ক্ষমা না চাইলে একঘরে করার হুঁশিয়ারি দিয়ে অভিনেত্রীকে পাঠানো হয়েছে আইনি নোটিসও।
ঘটনার সূত্রপাত গত ৫ নভেম্বর। মদ্যপান সংক্রান্ত একটি পুরনো মামলার জামিনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ওই দিন চট্টগ্রামের আদালতে সশরীরে হাজির হয়েছিলেন পরীমণি। আদালতের নির্ধারিত চত্বরে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা স্বাভাবিক নিয়মেই তাঁর প্রতিক্রিয়া সংগ্রহের চেষ্টা করেন। অভিযোগ, সেই সময়ই মেজাজ হারিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন ওই নায়িকা।
পেশাগত প্রশ্ন করায় এক সংবাদকর্মীর দিকে তিনি রীতিমতো তেড়ে যান এবং তাঁর হাত থেকে মোবাইল ফোনটি জোর করে ছিনিয়ে নেন। শুধু তা-ই নয়, ভিডিও রেকর্ড করতে নিষেধ করার পাশাপাশি ওই সাংবাদিকের উদ্দেশে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর ভাষা প্রয়োগ করা হয় বলে অভিযোগ। গ্ল্যামার দুনিয়ার তারকার এমন উদ্ধত আচরণে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালতের অন্দরে।
এই ঘটনার খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়ে সাংবাদিকদের ইউনিয়ন ও গণমাধ্যম কর্মীরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শনিবার চট্টগ্রামের একদল সাংবাদিক যৌথভাবে পরীমণিকে একঘরে করার (বয়কট) ডাক দেন। প্রকাশ্য রাস্তায় নায়িকার ছবি মেঝেতে রেখে তাতে পদাঘাত করা হয় এবং জুতো ছুড়ে ধিক্কার জানান বিক্ষুব্ধ সাংবাদিকরা।
স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, জনসমক্ষে নিজের অপেশাদার ও দুর্ব্যবহারের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে এই আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে। ইতিমধ্যেই নায়িকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে নোটিসও পাঠানো হয়েছে।
চলচ্চিত্রের রঙিন জগতের বাইরে বারবার নানা বিতর্ক ও ব্যক্তিগত জীবনের নানা সমীকরণে খবরের শিরোনামে উঠে এসেছেন পরীমণি। কখনো পারিবারিক কোন্দল, কখনও আবার আইনি জটিলতা তাঁর জীবন যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।
তবে গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের হেনস্তা করার মতো ঘটনায় এ বার যেভাবে সাংবাদিক সমাজ এককাট্টা হয়েছে, তাতে নায়িকার আগামী দিনের কেরিয়ার ও জনমানসে তাঁর ভাবমূর্তি এক গভীর সংকটের মুখে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। সব মিলিয়ে আদালতের বারান্দার সেই উত্তপ্ত বাক্যবিনিময় ও আচরণের জেরে আইনি ও সামাজিক উভয় মোর্চাতেই কঠিন পরীক্ষার মুখে অভিনেত্রী পরীমণি।
Leave a comment